মুশফিককে নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থানের সমালোচনায় ডমিঙ্গো
বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে থেকে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া সিরিজের সুরক্ষা বলয়ে ঢুকতে পারেননি তিনি। তার ব্যাপারে কোন ছাড় দিতেও রাজী হয়নি অস্ট্রেলিয়া। বিষয়টা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।
এবার অস্ট্রেলিয়া সিরিজ হচ্ছে কঠোর সুরক্ষা বলয়ের নিয়ম মেনে। সিরিজের সব খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরদের সবাইকেই সিরিজ শুরুর ১০ দিন আগে হোটেলে কোয়ারেন্টিন করতে হয়েছে।
জিম্বাবুয়েতে বলয়ের ভেতর সিরিজ খেলার পর দেশে ফিরে সরাসরি আরেকটি বলয়ে প্রবেশ করে বাংলাদেশ দল।
কিন্তু মুশফিকের বেলায় হয় বিপত্তি। তিনি পরিবারের কাছে দেশে থাকায় বলয় থেকে আগেই বেরিয়ে এসেছিলেন। বাবা-মা সুস্থ হয়ে যাওয়ায় যখন ঢুকতে যাবেন বলয়ে তখন তাকে আটকে দেয় কড়া নিয়ম। রোববার সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অবস্থানের সমালোচনা করেন ডমিঙ্গো, 'মুশফিকের বলয়ের ব্যাপারটা নিয়ে অস্ট্রেলিয়ার এমন অবস্থান আমার বোধগম্য না। আমার মনে হয় এটা (মুশফিকের সুরক্ষা বলয়ের প্রবেশের সময়) যথেষ্ট ছিল। এটা খুব হতাশার ব্যাপার ছিল।'
মুশফিক না থাকলেও অবশ্য বাকিরা সেটা সামলে নেবেন বলে বাংলাদেশের কোচের বিশ্বাস, 'দেখুন বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে খেলার সুযোগ আমরা পেয়েছি। তরুণ এক-দুইজনের এগিয়ে আসার সুযোগ এটা। আমার মনে হয় তাদের সামর্থ্য আছে। মুশফিক না থাকা অবশ্যই ক্ষতি কিন্তু এই জায়গা পূরণের জন্য আমাদের স্কোয়াডে বেশ কিছু কোয়ালিটি খেলোয়াড় আছে।'
কেবল মুশফিক নয়, পারিবারিক কারণে বলয়ের বাইরে যাওয়ায় নেই লিটন দাসও। লিটনের না থাকাটাও বাংলাদেশের জন্য বড় এক ক্ষতি মনে করছেন ডমিঙ্গো।