মেয়েদের ঐতিহাসিক জয়ে সাকিব-তামিমদের অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয়ের সীমাহীন উল্লাসে ভাসছে বাংলাদেশের মেয়েরা। ঐতিহাসিক এই অর্জনে আনন্দের ঢেউয়ে উদ্বেলিত ছেলেদের ক্রিকেট দলের তারকারাও। মেয়েদের ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে সাকিব আল হাসান-তামিম ইকবালরা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে।

নিউজিল্যান্ডে চলমান বিশ্বকাপে সোমবার হ্যামিল্টনের সেডন পার্কে নাটকীয় জয় পেয়েছে টাইগ্রসরা। পাকিস্তানকে তারা হারিয়েছে ৯ রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ফারজানা হকের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে এক পর্যায়ে ২ উইকেটে স্কোরবোর্ডে ১৮৩ রান তুলে ফেলেছিল পাকিস্তান। তাতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে চোখ রাঙাচ্ছিল হার। কিন্তু হাল না ছাড়ার অদম্য মানসিকতার ছাপ রেখে ফাহিমা খাতুনের দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

রোমাঞ্চকর জয়ের পর তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান শুভেচ্ছা জানিয়েছেন মেয়েদের, 'প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে নারী ক্রিকেট দলকে জানাই অসংখ্য শুভেচ্ছা।'

ছেলেদের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, 'পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ে টাইগ্রেসদের জন্য থাকল অভিনন্দন। সাবাশ বাংলাদেশ।'

টাইগারদের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম গর্ববোধ করছেন সালমা খাতুন-জাহানারা আলমদের নিয়ে, 'পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বিশ্বকাপে প্রথমবারের জয়ের জন্য আমাদের টাইগ্রেসদের অভিনন্দন। প্রথম জয়টি সব সময় বিশেষ! কী অসাধারণ একটি ম্যাচ! আমাদের দল নিয়ে গর্বিত।'

অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর কাছে এই জয়ের তাৎপর্য বিশাল, 'একটি বিশাল মুহূর্ত! টাইগ্রেসদের অভিনন্দন!'

তরুণ ডানহাতি পেসার তাসকিন আহমেদ অভিনন্দন জানিয়েছেন টাইগ্রেসদের, 'নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। অভিনন্দন!'

তারকা ওপেনার লিটন দাস মেয়েদের কাছ থেকে প্রত্যাশা করছেন উজ্জ্বল আগামীর, 'অভিনন্দন মেয়েরা! বিশ্বকাপে প্রথম জয়। নিশ্চিতভাবেই আরও অনেক জয় আসবে।'