যুব বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের রিপন মণ্ডল
যুব বিশ্বকাপে এবার প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেনি বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে নেমে অষ্টম হয়ে সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। তবে ব্যক্তিগত সাফল্যে আইসিসির সেরা একাদশে জায়গা করে নিয়েছেন পেসার রিপন মণ্ডল।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসির সেরা একাদশ ঘোষণা করে আইসিসি। যদিও দ্বাদশ খেলোয়াড়সহ ১২ জনের দল দেয় সংস্থাটি। সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নেন রিপন।
আসরে এবার ১৫.০০ গড়ে ১৪টি উইকেট নিয়ে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন রিপন। কানাডা ও ভারতের বিপক্ষে চার উইকেট পেয়েছিলেন এ ডান হাতি পেসার। তাতেই জায়গা হয় আইসিসির সেরা একাদশে।
দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক ইয়াশ ধুল। সর্বোচ্চ তিন জন রয়েছেন চ্যাম্পিয়ন ভারতের। দুইজন রয়েছেন রানার্স আর ইংল্যান্ডের। দুই জন রয়েছেন পাকিস্তানেরও। এছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের একজন করে রাখা হয়েছে।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২ এর সেরা একাদশ:
হাসিবুল্লাহ খান (উইকেটরক্ষক, পাকিস্তান), টিয়াগো উইলি (অস্ট্রেলিয়া), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), ইয়াশ ধুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়েলালাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি ওস্তায়াল (ভারত), রিপন মণ্ডল (বাংলাদেশ), আওয়াইস আলী (পাকিস্তান), জশ বয়ডেন (ইংল্যান্ড) ও নুর আহমেদ (আফগানিস্তান)।