যুব বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ড, বদলি স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগামী আসরে খেলবে না নিউজিল্যান্ড। কারণ দেশে ফিরে অপ্রাপ্তবয়স্ক ক্রিকেটারদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। তাদের পরিবর্তে বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড।

এবারই প্রথম যুব বিশ্বকাপে অংশ নিচ্ছে না কিউইরা। মূলত অপ্রাপ্তবয়স্ক ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এই সিদ্ধান্তকে হতাশাজনক হিসেবে উল্লেখ করলেও সঠিক মনে করছে তারা।

অন্য দেশ থেকে নিউজিল্যান্ডে যাওয়া ব্যক্তিদের বর্তমানে ৭ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। নবম দিনে করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত থাকতে হয় সেলফ আইসোলেশনে।

যুব বিশ্বকাপের সামনের আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছরের ১৪ জানুয়ারি শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হবে ৫ ফেব্রুয়ারি। চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট ১৬ দল।

আগের দিন বুধবার ৫০ ওভারের এই বিশ্বকাপের গ্রুপ ও সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অ্যান্টিগা ও বারবুডা, গায়ানা, সেন্ট কিটস ও ত্রিনিদাদ ও টোবাগোর ১০ ভেন্যুতে হবে খেলা।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। 'এ' গ্রুপে তাদের প্রতিপক্ষরা হলো ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। 'বি' গ্রুপে ভারতের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডা। পাকিস্তান, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও জিম্বাবুয়ে খেলবে 'সি' গ্রুপে। 'ডি' গ্রুপে স্বাগতিক ক্যারিবিয়ানদের পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।

মোট ৪৮ ম্যাচ হবে যুব বিশ্বকাপে। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।

আগের আসরগুলোর মতো প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার লিগ নকআউটের টিকিট পাবে। ওই পর্বে উঠতে না পারা প্রতি গ্রুপের বাকি দুই দল অংশ নেবে প্লেট প্রতিযোগিতায়।

১৬ দলের মধ্যে ১০ দল সরাসরি জায়গা পেয়েছে যুব বিশ্বকাপে। পাঁচ দল আঞ্চলিক বাছাইপর্বের বাধা পেরিয়ে এসেছে। আর শুরুতে সুযোগ না পাওয়া স্কটল্যান্ড অংশ নিচ্ছে নিউজিল্যান্ডের জায়গায়।