যে কারণে ইংল্যান্ডকে ফলোঅন করালো না অস্ট্রেলিয়া
জো রুট- দাবিদ মালানের জুটিতে একটা সময় বেশ ভালোই জবাব দিচ্ছিল ইংল্যান্ড। এই দুজনের পর আর কেউই সেভাবে দাঁড়ালে পারলেন না। আচমকা ধসে ফলোঅনে পড়ল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া ফলোঅন না করিয়ে নিজেরাই আবার ব্যাট করতে নেমেছে।
অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে নাটাই একদম অস্ট্রেলিয়ার হাতে। ৯ উইকেট হাতে নিয়ে ২৮২ রানে এগিয়ে স্টিভেন স্মিথের দল।
এর আগে অস্ট্রেলিয়ার ৪৭৩ রানের জবাবে মিচেল স্টার্ক-ন্যাথান লায়নদের তোপে ২৩৬ রানে গুটিয়ে ফলোঅনে পড়ে ইংল্যান্ড। স্মিথ প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেন। দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান।
দিনের খেলার পর এই সিদ্ধান্ত নিয়ে কৌতূহল মিটিয়েছেন স্টার্ক ও লায়ন। লায়নের মতে এটি দলের একটি ট্যাকটিকাল সিদ্ধান্ত। স্টার্ক বলছেন, আগেও এরকম সিদ্ধান্ত দলের জন্য কাজে দিয়েছে।
টুইটারে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেসন গিলেস্পি ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন সুর্নিদিষ্টভাবে, 'আমার মনে হয় অস্ট্রেলিয়া বোলারদের বিশ্রাম দিতে চাইবে। এবং চতুর্থ দিন ইংল্যান্ডকে ফ্লাড লাইটের নিচে ব্যাট করতে পাঠিয়ে সুবিধা নিতে চাইবে।'
এই কারনটিই আসলে প্রধান। ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দিতে ৮৪.১ ওভার বল করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ফলোঅন করালে আবার বোলিং করে যেতে হতো। হাতে যথেষ্ট সময় থাকায় তার বদলে ব্যাট করতে নেমে লিডটাকে নাগালের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে। চতুর্থ দিনে দ্রুত রান তুলে শেষ সেশনে ইনিংস ছেড়ে দিলে ইংল্যান্ডকে ব্যাট করতে নামতে হবে ফ্লাড লাইটের। রানের পাহাড়ের নিচে তখন ব্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে পড়বে জো রুটের দল।
ব্রিসবেনে প্রথম টেস্টে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে অ্যাশেজ শুরু করে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স না থাকলেও অ্যাডিলেডেও একই পথে আছে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
(তৃতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৭৩/৯ (ডিক্লেয়ার)
ইংল্যান্ড প্রথম ইনিংস: (আগের দিন ১৭/২) ৮৪.১ ওভারে ২৩৬ (মালান ৮০, রুট ৬২, স্টোকস ৩৪, পোপ ৫, বাটলার ০, ওকস ২৪, রবিনসন ০, ব্রড ৯, অ্যান্ডারসন ৫*; স্টার্ক ৪/৩৭, রিচার্ডসন ০/৭৮, নিসার ১/৩৩, লায়ন ৩/৫৮, গ্রিন ২/২৪)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১৭ ওভারে ৪৫/১ (ওয়ার্নার ১৩, হ্যারিস ২১*, নিসার ২*; অ্যান্ডারসন ০/২, ব্রড ০/৯, রবিনসন ০/১২, ওকস ০/১৩, রুট ০/১)