যে ভাবনায় মিরপুর টেস্টে বাংলাদেশের ২০ সদস্যের দল

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেবল এক ম্যাচের জন্য কেন এত জনের বহর? দেশের ক্রিকেট অঙ্গনে এ নিয়ে চলা নানামুখী আলোচনার মাঝে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দিলেন ব্যাখ্যা। তিনি জানালেন, আসন্ন নিউজিল্যান্ড সফরের কথা মাথায় রেখে এই দল দেওয়া হয়েছে।

সবশেষ চট্টগ্রাম টেস্টের জন্য শুরুতে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। তবে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান চোট থেকে সেরে না ওঠায় ছিটকে যান। পরে আরও দুজনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন দুই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম। মিরপুর টেস্টে চোট কাটিয়ে ফিরেছেন সাকিব। তার পাশাপাশি ফেরানো হয়েছে তারকা পেসার তাসকিন আহমেদকে। আর প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ওপেনার নাঈম শেখ। সবমিলিয়ে দল দাঁড়িয়েছে ২০ জনের, যা নিয়ে জেগেছে বিস্ময়।

বুধবার দ্য ডেইলি স্টারকে মিনহাজুল বলেন, আসন্ন নিউজিল্যান্ড সফরের ভাবনা থেকেই বাংলাদেশের এত বড় স্কোয়াড, 'আমাদের এই দলটা কেবল পাকিস্তানের বিপক্ষে এক টেস্টের জন্য নয়। বরং নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্য। যেহেতু জৈব সুরক্ষা বলয়ের ব্যাপার রয়েছে, তাই টিম ম্যানেজমেন্টের অধীনে ওদেরকে অনুশীলন করানো হবে। জৈব সুরক্ষা বলয়ের বাইরের কারও তো অনুশীলন করার সুযোগ নেই। এদের থেকেই নিউজিল্যান্ড সফরের দল বেছে নেওয়া হবে।'

আগামী বছর নিউজিল্যান্ডের মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১ জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইতে হবে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয়টি শুরু হবে ৯ জানুয়ারি।

২০ সদস্যের বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাইম শেখ।