রবিনসনের ৫ উইকেটের পরও ট্রেন্ট ব্রিজে এগিয়ে ভারত
এক প্রান্তে উইকেট পতনের মাঝে টিকে ছিলেন লোকেশ রাহুল। সঙ্গী হিসেবে তিনি পরে পেলেন রবীন্দ্র জাদেজাকে। এই দুজনের ব্যাটেই লিড নিয়ে নেয় ভারত। পরে টেল এন্ডাররা লিডটা করলেন বেশ বড়। ওলি রবিনসন ৫ উইকেট শিকার করলেও ট্রেন্ট ব্রিজ টেস্টে এগিয়ে ভারত।
শুক্রবার ট্রেন্টব্রিজ টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের থেকে ৭০ রানে পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে ২৭৮ রান করে ৯৫ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৫ রান তুলে দিন শেষ করেছে জো রুটের দল।
৪ উইকেটে ১২৫ রান নিয়ে নেমে দিনের শুরুটা মন্দ ছিল না ভারতের। কিপার ব্যাটসম্যান রিশভ পান্তকে নিয়ে রান বাড়াচ্ছিলেন রাহুল। তবে চেনা ঢঙে খেলতে থাকা পান্ত থিতু হয়ে রবিনসনের বলে দেন ক্যাচ। এরপর জাদেজাকে নিয়ে জুটি বাধেন রাহুল। শঙ্কা কাটিয়ে লিড নিয়ে ফেলে ভারত। একবার জীবন পেয়ে রাহুল এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে।
কিন্তু ৮৪ রান করা রাহুলকে ফিরিয়ে ব্রেক থ্রো আনেন জেমস অ্যান্ডারসন। ৬০ রানের এই জুটি ভাঙার পর ধস নামে ভারতের ইনিংসে। শার্দূল ঠাকুরকেও শিকার করেন অ্যান্ডারসন। এরপর মোহাম্মদ শামীকে পাশে রেখে আরও ২৭ রান যোগ করেন জাদেজা। পেরিয়ে যান ফিফটি।
রবিনসনের বলে মারতে গিয়ে ৫৬ রান করে বিদায় নেন জাদেজা। ২৩২ রানে তার বিদায়ের পরও আরও ৪৬ রান যোগ করে ভারত। শামী ২০ বলে ১৩, জাসপ্রিট বুমরাহ ৩৪ বলে করেন ২৮ রান। ৮ বলে ৭ করে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।
এরপর ব্যাট করতে নেমে ১১.১ ওভারে ২৫ রান তুলেন ইংলিশ দুই ওপেনার।