রান মেশিন খাওয়াজার আরও এক সেঞ্চুরিতে কঠিন চ্যালেঞ্জে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সফরে গিয়ে নব্বুইয়ের নিচে আউট হওয়া যেন ভুলেই গেছেন উসমান খাওয়াজা। এখন পর্যন্ত পাঁচ ইনিংস ব্যাট করেছেন তাতে সর্বনিম্ন রান ৪৪। সেটাও অপরাজিত। বাকি চার ইনিংসে নব্বুইর বেশি রান, সেঞ্চুরি দুটি। লাহোরে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাতছাড়া করলেও দ্বিতীয় ইনিংসেই পেয়েছেন তা।

বৃহস্পতিবার তৃতীয় টেস্টের চতুর্থ দিনে খাওয়াজার সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশাল লক্ষ্য দিয়ে জেতার আশা জাগিয়েছে অস্ট্রেলিয়া।১২৩ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২২৭ রান তুলে ইনিংস ছেড়ে দেয় তারা। যাতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩৫০।

দলকে বড় লক্ষ্য পাইয়ে দিতে ১০৪ রানে অপরাজিত থাকেন খাওয়াজা। শেষ সেশনে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৭৩ রান তুলেছে পাকিস্তান। শেষ দিনে সবগুলো উইকেট নিয়ে ৯০ ওভার টিকে থাকার চ্যালেঞ্জ বাবর আজমের দলের।

আগের দিনের ১১ রান নিয়ে নেমে ডেভিড ওয়ার্নারকে নিয়ে বড় পুঁজির দিকে যান খাওয়াজা। ফিফটি করে ওয়ার্নার আউট হলে ৯৬ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর মারনাস লাবুশানের সঙ্গে ৬৬ রানের আরেক জুটি পান তিনি। ৬৬ করে লাবুশান ফেরার পর স্টিভেন স্মিথকে নিয়ে ছুটে চলেন তিনি। ৫৫ রানের জুটির পথে স্মিথ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পেরিয়ে যান টেস্টে ৮ হাজার রানের মাইলফলক।

খাওয়াজা অপরাজিতই থেকে যান। পাকিস্তান সফরে এখন পর্যন্ত ৫ ইনিংস ব্যাট করে ১৬৫.৩৩ গড়ে তার রান ৪৯৬!