রিজওয়ানের দুর্দান্ত বছরের পেছনে আড়ালের তিন নায়ক

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টিতে চলতি বছরটা মোহাম্মদ রিজওয়ানের জন্য স্বপ্নের মতো। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড তো গড়েছেনই, এক বছরে প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রান স্পর্শ করার অনন্য রেকর্ডও গড়ে ফেলেছেন। নিজের অবিশ্বাস্য ধারাবাহিকতার পেছনে পাকিস্তানের এই ওপেনার কৃতিত্ব দিলেন আড়ালের তিন নায়ক রিচার্ড পাইবাস, ইনজামাম-উল-হক ও শাহিদ আসলামকে।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে ছিলেন রিজওয়ান। ৬ ম্যাচে ৭০.২৫ গড়ে করেছেন ২৮১ রান, স্ট্রাইকরেট ছিল ১২৭.৭২। কিন্তু পুরো বছরের রেকর্ড এরচেয়েও ভালো। চলতি বছর এখন পর্যন্ত ২০ ইনিংস খেলে রিজওয়ানের রান ১ হাজার ৩৩। গড় ৮৬.০৮ আর স্ট্রাইকরেট ১৩৬.৪৫! করেছেন ১০ ফিফটি আর এক সেঞ্চুরি।

টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে সোমবারই প্রথম অনুশীলনে নামে পাকিস্তান দল। রিজওয়ান অবশ্য এদিনও ছিলেন বিশ্রামে।

হোটেল রুম থেকেই গণমাধ্যমে পাঠানো ভিডিওতে জানিয়েছেন তার তৃপ্তির কথা,  'এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করায় আমি ভীষণ খুশি। সবচেয়ে খুশি আমার দেশের হয়ে রানগুলো করতে পেরেছি বলে।'

এই সাফল্যের পেছনে বিশেষভাবে অবদান তিনজনের। পাকিস্তানের সাবেক কোচ পাইবাস, সাবেক অধিনায়ক ও দলের সঙ্গে কোচ হিসেবেও কাজ করা ইনজমাম ও ম্যানেজার আসলামের কারণেই তার এমন অর্জন বলে জানান তিনি, 'এই রেকর্ডের পেছনে আমি অবশ্যই কয়েকজনের অবদানের কথা স্মরণ করব। প্রথমে বলব রিচার্ড পাইবাসের কথা। যিনি আমাকে টি-টোয়েন্টির মনোভাব আনতে সাহায্য করেছেন। ইনজি ভাইয়ের (ইনজামাম-উল হক) কথা বলব, তিনি কিছু ধারণা দিয়েছেন। তৃতীয় আরেকজনের কথা বলব যিনি পুরো বছর জুড়ে আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন, আমাদের পাকিস্তান দলের শাহিদ আসলাম ভাই।'

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে ৬৭ রান করে দলকে পাইয়ে দিয়েছিলেন লড়াইয়ের পুঁজি। শেষ পর্যন্ত পাকিস্তান হেরে গেলেও আলোচনায় আসেন রিজওয়ান। ম্যাচ শেষে দলের চিকিৎসক জানান, এই ম্যাচের আগে দুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাকে নিতে হয়েছিল এমনকি আইসিইউতেও।

সেরে উঠে সেই ম্যাচ খেলে বাংলাদেশেও এসেছেন টি-টোয়ন্টি ও টেস্ট সিরিজ খেলতে। জানিয়েছেন বর্তমানে একদমই সুস্থ আছেন তিনি। মঙ্গলবার থেকেই মিরপুরে অনুশীলন করবেন।