রুটের সামনে স্মরণীয়, ইংল্যান্ডের সামনে বিব্রতকর রেকর্ডের হাতছানি
রেকর্ড গড়ে ২০২১ সালটা শেষ করতে পারেন জো রুট। রেকর্ড গড়ে বছরটা শেষ করতে পারে ইংল্যান্ডও। কিন্তু অনুভূতিটা হবে ভিন্ন রকমের। রুট যেখানে রেকর্ডটা নিজের করে নিতে মুখিয়ে থাকবেন, সেখানে ইংল্যান্ডের চাওয়া থাকবে রেকর্ডটা যেন তাদের না হয়!
টেস্টে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি রানের মালিক মোহাম্মদ ইউসুফ। ২০০৬ সালে পাকিস্তানের সাবেক এই তারকা ১১ ম্যাচে করেছিলেন ১৭৮৮ রান। সেই রেকর্ড টিকে আছে ১৫ বছর ধরে। তার চেয়ে ১৫৮ রানে পিছিয়ে আছেন দারুণ একটি বছর কাটানো ইংলিশ অধিনায়ক রুট। আগামীকাল রোববার মেলবোর্ন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে তার সংগ্রহ ১৬৩০ রান।
এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে আছেন রুট। ইউসুফ ও তার মাঝে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। চলতি বছর ১৪ টেস্টের ২৭ ইনিংসে রুটের গড় ৫৬.৯৩। ছয়টি সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফসেঞ্চুরি করেছেন তিনি।
চলমান অ্যাশেজের গত দুই টেস্টে দুইটি ফিফটি পেয়েছেন রুট। ব্রিসবেনে ০ ও ৮৯ রানের ইনিংস খেলার পর অ্যাডিলেডে করেন ৬২ ও ২৪ রান। মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে ১৫৯ রান করতে পারলে ইউসুফকে ছাড়িয়ে তিনি উঠে যাবেন চূড়ায়। হয়ে যাবেন এই সংস্করণের ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি রানের মালিক।
রুট ব্যক্তিগত সাফল্য উপভোগ করলেও ইংল্যান্ড রয়েছে বিপাকে। এ বছর ১৪ ম্যাচ খেলে আটটিতেই হেরেছে তারা। অ্যাশেজেও তারা পিছিয়ে আছে ২-০ ব্যবধানে। মেলবোর্নে অনুষ্ঠেয় তৃতীয় টেস্টে হারলে সিরিজ হাতছাড়া হওয়ার পাশাপাশি বিব্রতকর একটি কীর্তিতে যুক্ত হবে তাদের নাম।
সাদা পোশাকের ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে বাংলাদেশ। ২০০৩ সালে নয় টেস্ট খেলে সবকটিতে হেরেছিল তারা। এছাড়া, ২০০২ ও ২০০৮ সালে আটটি করে ম্যাচে হেরেছিল টাইগাররা। এই তিক্ত স্বাদ অচেনা নয় ইংল্যান্ডেরও। আগে আরও চারবার (১৯৮৪, ১৯৮৬, ১৯৯৩ ও ২০১৬ সালে) আটটি করে টেস্ট হেরেছিল তারা।
অজিদের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামার আগে রুট বলেছেন, 'ব্যক্তিগতভাবে এই বছরটা খুব উপভোগ করেছি, ব্যাটিং ও উইকেটে থেকে বড় স্কোর করাকে বিবেচনায় নিলে। কিন্তু দলের জয়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। যদি আমি শেষ তিন টেস্টে ভালো পারফর্ম করি, তাহলে এটা আমাদের স্কোরবোর্ডে বড় রান জমা করে জেতার ভালো সুযোগ দিবে।'