রুটের হাত ধরে ম্যাককালামের অধীনে ইংলিশদের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক

অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজে হেরে আসায় অনেক পরিবর্তনই এসেছে ইংল্যান্ড দলে। নতুন কোচের সঙ্গে নতুন অধিনায়কও দেখতে পায় দলটি। তাতে ফলাফলটাও পেয়েছে হাতে-নাতে। নতুন কোচ ব্রান্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস জুটির প্রথম ম্যাচেই জয় পেয়েছে ইংলিশরা। যদিও জয়টা এসেছে পুরনো অধিনায়ক জো রুটের হাত ধরেই।

ইংল্যান্ডের লর্ডসে রোববার সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে এসে ৫ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের দেওয়ার ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ সেশন যাতে রেখেই জয় পায় দলটি। নয় টেস্টে জয়বিহীন থাকার পর অবশেষে জয়ের স্বাদ পেল তারা।

অথচ নিজেদের প্রথম ইনিংসে দুই দলই ধুঁকছিল। ১৩২ রানে নিউজিল্যান্ড অলআউট হওয়ার পর ইংলিশরা গুটিয়ে যায় ১৪১ রানে। দ্বিতীয় ইনিংসে অবশ্য ডেরিল মিচেল ও টম ব্লান্ডেলের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল কিউইরা। তবে অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ফের ধস নামে সফরকারী শিবিরে। ২৭৬ রানের বেশি লিড নিতে পারেনি দলটি।

আর লক্ষ্য তাড়ায় ব্যাট করতে জয়ের পথটা অবশ্য আগের দিনই করে রেখেছিল ইংল্যান্ড। ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৬ রান জমা করে দলটি। এদিন ব্যাটিংয়ে নেমে বাকি কাজ সহজেই সারেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার রুট ও বেন ফোকস। দুই ব্যাটার ষষ্ঠ উইকেটে গড়েন অবিচ্ছিন্ন ১২০ রানের জুটি।

টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নিয়ে ১১৫ রানে অপরাজিত থাকেন রুট। ১৭০ বল মোকাবেলা করে ১২ টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। তাকে দারুণ সঙ্গ দিয়ে ৩২ রান করে অপরাজিত থাকেন ফোকস। ৯২ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

একই দিনে আরও একটি নতুন মাইলফলক ছুঁয়েছেন রুট। ক্যারিয়ারে পূর্ণ করেছেন ১০ হাজার রানের কোটা। দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে ১০ হাজারি ক্লাবে ঢুকলেন রুট। আর সবমিলিয়ে ক্রিকেটের ইতিহাসের ১৪তম খেলোয়াড় তিনি।

নিজেকে সর্বোচ্চ চূড়ায় নেওয়ার যথেষ্ট সুযোগ পাচ্ছেন এ তারকা। স্বদেশী আলিস্টার কুক ২৯১ ইনিংসে ৪৫.৩৫ গড়ে করেছেন ১২ হাজার ৪৭২ রান। তবে ২০০ টেস্টে ৩২৯ ইনিংস খেলে ৫৩.৭৮ গড়ে ১৫ হাজার ৯২১ রান করে সবার উপরে আছেন ভারতের শচিন টেন্ডুলকার। ১১৮ টেস্টে ২১৮ ইনিংসে ৪৯.৫১ গড়ে এরমধ্যেই ১০ হাজার রান করেন ৩১ বছর বয়সী রুট।