রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আইরিশ অধিনায়ক বললেন, ‘খেলার সুযোগ চাই’

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ড ৩৬০ রানের পাহাড় গড়ার পর কে ভেবেছিল চোখে চোখ রেখে লড়বে আয়ারল্যান্ড। এমনকি শেষ বল পর্যন্ত টিকে থাকবে তাদের জেতার সম্ভাবনা। ৩৬০ রান টপকাতে গিয়ে মাত্র ১ রানে হারের পর আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি বললেন, বড় দলগুলোর বিপক্ষে যেন নিয়মিত খেলার সুযোগ দেওয়া হয় তাদের।

শুক্রবার রাতে ডাবলিনে আগে ব্যাটিং বেছে মার্টিন গাপটিলের সেঞ্চুরি, হেনরি নিকোলস আর গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটে বিশাল পুঁজি পায় নিউজিল্যান্ড। রান তাড়ায় পল স্টার্লিং আর হ্যারি টেক্টর জমিয়ে দিলেন আসর। দুজনেই তুলে নেন ঝড়ো সেঞ্চুরি। পরে আশা বাঁচিয়ে রাখেন গ্যারেথ ডেলনি, জর্জ ডকরেলরা। শেষ বলে গিয়ে আর তিন রান নেওয়ার সমীকরণ মেলেনি তাদের।

ম্যাচ শেষে দুই দলই ভাসছে রোমাঞ্চকর ম্যাচের উত্তাপে। এত কাছে গিয়েই কিউইদের হারাতে না পারার কষ্ট অনুভব করে আয়ারল্যান্ড অধিনায়ক নিজেদের চাওয়াটাও জানিয়ে দিলেন, 'এটা ছিল অসাধারণ এক ম্যাচ। আমরা তাদের সঙ্গে সমানে সমান লড়াই করেছি। তেতো বড়ি গিলতে হচ্ছে কিন্তু এটা দারুণ ছিল। দুটি সেঞ্চুরি আমার দেখা সেরা ছিল। টেক্টর দুর্দান্ত খেলেছে। সপ্তাহে দুটো এরকম খেলল। আশা করছি আরো খেলবে। এই ধরণের দলগুলোর বিপক্ষে আমরা আরও ম্যাচ চাই।'

কদিন আগে ভারতের বিপক্ষেও ডাবলিনে টি-টোয়েন্টিতে শক্ত লড়াই করেছে আয়ারল্যান্ড। ভারতের ২২৫ রানের পাহাড়ও প্রায় টপকে ফেলেছিল তারা। ম্যাচ হেরেছিল মাত্র ৪ রানে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও জেতার একদম কাছে গিয়েছিল আয়ারল্যান্ড। ৩০০ রান করে ম্যাচ হেরেছিল মাত্র ১ উইকেটে। বালবার্নি আক্ষেপ করলেন এত ভাল করার পরও তাদের খেলার সুযোগ হরহামেশা আসে না,  'ভারতের বিপক্ষে দুই ম্যাচ খেললাম  (টি-টোয়েন্টি)। এখানে তিনটি ওয়ানডে। এটা খুবই দুঃখের বিষয় যে বছরের বাকি সময় আমরা কোন ওয়ানডে খেলছি না।'