রেঞ্জ হিটিং, ব্যাট স্যুয়িং নিয়ে কাজ করছেন ইয়াসির, শান্তরা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টার অংশ হিসেবে কাজ শুরু করেছেন কয়েকজন তরুণ। খালেদ মাহমুদ সুজনের অধীনে আপাতত তাদের চোখ নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি। গত দুই বছর ধরেই জাতীয় দলের বিভিন্ন স্কোয়াডে থেকেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ইয়াসির আলি চৌধুরী রাব্বি জানালেন, শটের সংখ্যা বাড়ানোই তাদের লক্ষ্য।
গত দুদিন ধরেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা ৭ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করছেন সুজন। সোমবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে নিবিড় অনুশীলন।
এই সেশনগুলোতে ব্যাটারদের দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু টাস্ক। ইয়াসির, তৌহিদ হৃদয়, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্তরা শটের সংখ্যা বাড়নো, বড় শট খেলার জন্য নিজেদের প্রস্তুত করছেন।
অনুশীলন শেষে গণমাধ্যমকে ইয়াসির জানালেন, টি-টোয়েন্টির চাহিদা মেটাতেই উন্নতির পথ খুঁজছেন তারা, খালেদ মাহমুদও তাদের দিয়েছেন সেই বার্তা, 'উনি (খালেদ মাহমুদ) বলেছেন আমাদের জন্য এটা অবশ্যই অনেক বড় সুযোগ। দলে থাকি না থাকি টি-টোয়েন্টিতে আমাদের ছোট খাটো কিছু জিনিস উন্নতি করা প্রয়োজন, মূলত সেসব জিনিস নিয়ে কাজ করা। যেমন রেঞ্জ হিটিং, ব্যাট সুইং এসব জিনিসগুলো।'
বাংলাদেশের টেস্ট স্কোয়াডগুলোতে নিয়মিত রাখা হয় ইয়াসিরকে। যদিও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডেও একাধিকবার থেকে ম্যাচ খেলার সুযোগ আসেনি।
তবে ঘরোয়া পর্যায়ে টি-টোয়েন্টিতে বড় শট খেলতে দেখা যায় ইয়াসিরকে। ডানহাতি এই ব্যাটার জানালেন পাওয়ার হিটিংয়ের চাহিদা মেটাতেও প্রস্তুত তিনি, 'সবসময় চাই তিন ফরম্যাটে বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে। তবে আমার দলের লক্ষ্যটা যদি এমন হয় আমাকে পাওয়ার হিটিং করতে হবে তাহলে আমি নিজেকে সেভাবে প্রস্তুত করবো।'