রোহিতের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পথে ভারত

স্পোর্টস ডেস্ক

আট বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের বাইরে প্রথম সেঞ্চুরির স্বাদ নিলেন রোহিত শর্মা। তার অপেক্ষার পালা শেষ হওয়ার দিনে লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারাও পেলেন রান। তাতে লিড নিয়ে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পথে রয়েছে ভারত।

শনিবার আলোকস্বল্পতার কারণে ওভাল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয় আগেভাগে। সফরকারীরা তুলতে পারে ৩ উইকেটে ২৭০ রান। হাতে ৭ উইকেট নিয়ে তারা এগিয়ে আছে ১৭১ রানে। ক্রিজে আছেন অধিনায়ক বিরাট কোহলি ২২ ও রবীন্দ্র জাদেজা ৯ রানে।

ওপেনার রোহিত খেলেন ২৫৬ বলে ১২৭ রানের নান্দনিক ইনিংস। তার ব্যাট থেকে আসে ১৪ চার ও ১ ছক্কা। ক্যারিয়ারের ৪৩তম টেস্টে এসে বিদেশের মাটিতে সেঞ্চুরি পেলেন তিনি। তার আগের সাতটি সেঞ্চুরিই ছিল ভারতে। 

আগের দিনের বিনা উইকেটে ৪৩ রান নিয়ে খেলতে নেমেছিলেন রোহিত ও রাহুল। উদ্বোধনী জুটিকে তারা টেনে নিয়ে যান ৮৩ পর্যন্ত। রিভিউ নিয়ে রাহুলকে ফেরায় ইংলিশরা। জেমস অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন তিনি। তার সংগ্রহ ১০১ বলে ৪৬ রান।

এরপর স্বাগতিকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভারতের দ্বিতীয় উইকেট জুটি। পূজারাকে নিয়ে ২৭৮ বলে ১৫৩ রান যোগ করেন রোহিত।

পুরো দ্বিতীয় সেশনে কোনো উইকেট ফেলতে পারেনি ইংল্যান্ড। চা বিরতির আগে কাঙ্ক্ষিত ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেন ৩৪ বছর বয়সী রোহিত। স্পিনার মঈন আলীকে লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে পৌঁছে যান তিন অঙ্কে। সেঞ্চুরির জন্য তাকে খেলতে হয় ২০৪ বল।

নতুন বল নেওয়ার পর প্রথম ডেলিভারিতেই দলকে আরাধ্য ব্রেক থ্রু এনে দেন পেসার অলি রবিনসন। তার শর্ট বল পুল করতে গিয়ে লং লেগে ক্রিস ওকসের তালুবন্দি হন রোহিত। একই ওভারের শেষ বলে ফের আঘাত হানেন রবিনসন। ইংল্যান্ডের আরেকটি সফল রিভিউতে পূজারা নেন বিদায়। তার ৬১ রান আসে ১২৭ বলে।

বাকি সময়ে আর কোনো বিপদ ঘটতে দেননি কোহলি ও জাদেজা। উইকেটের জন্য মরিয়া ইংল্যান্ড শেষ দুই ওভারে ব্যবহার করে স্পিন। অধিনায়ক জো রুটের পর বল হাতে নেন মঈন। কিন্তু খেলা বন্ধ হওয়ার আগে তারা ফাটল ধরাতে পারেননি।