‘রোহিত-রাহুলকে বাদ দিয়ে আমাকে খেলানোর কথা বলতে পারি না’
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা বিশ্রামে, লোকেশ রাহুল চোটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাই ভারতের 'সিনিয়র' ওপেনার বনে গিয়েছেন তরুণ ঈশান কিশান। প্রথম টি-টোয়েন্টিতে দল হারলেও তার ব্যাট ছিল দুর্বার। খেলেছেন ৪৮ বলে ৭৬ রানের ইনিংস। রোহিত-রাহুল ফিরলে এই জায়গা হারাতে হবে তাকে। এখনো ওই দুজনের জায়গা নেওয়ার কথা ভাবতেই পারছেন না তিনি।
গত আইপিএলে রাহুল ছন্দে থাকলেও বিবর্ণ ছিল রোহিতের ব্যাট। রোহিত সেরা সময় পেরিয়ে এসেছেন বলেও আলাপ আছে ভারতের ক্রিকেটে। ছন্দে না থাকলে বড় তারকার বদলে পারফর্ম করা ছোটদের সুযোগ দেওয়ার আওয়াজও উঠে প্রায়ই।
তবে যিনি জায়গা নেওয়ার সম্ভাব্য তালিকায় সেই ঈশান নিজেকে দেখছেন না বিকল্প, 'আমার মনে হয় তারা (রোহিত শর্মা ও লোকেশ রাহুল) বিশ্ব মানের তারকা। তারা যখন দলে থাকবে তখন আমি চাইতে পারি না। আমার কাজ হচ্ছে অনুশীলনে সেরাটা দেওয়া। যখনই সুযোগ আসবে তা কাজে লাগানো। আমি নিজের কাজে ফোকাস করছি।'
'তারা অনেক কিছু করেছে। দেশের হয়ে অনেক অনেক রান করেছে। আমি তাদের বলতে পারি না তাদের বাদ দিয়ে আমাকে প্রথম জায়গায় খেলাতে। হ্যাঁ আমি আমার কাজটা করে রাখতে পারি। বাকিটা নির্বাচকদের বিষয়। তারা যখনই মনে করবেন আমাদের সুযোগ দেওয়া দরকার আমি আমার সেরাটা দিব।'
বৃহস্পতিবার দিল্লিতে আগে ব্যাট করে ২১১ রান জড়ো করেছিল ভারত। তবে তাতেও লাভ হয়নি। রাসি ফন ডার ডুসেন আর ডেভিড মিলারের ঝড়ে ৫ বল আগেই ওই রান টপকে যায় দক্ষিণ আফ্রিকা। ঈশান মনে করেন সমস্যা আছে বোলিং বিভাগে। সেটা দল হিসেবেই চিহ্নিত করতে হবে তাদের, 'আমাদের চিহ্নিত করতে হবে কোন ভুল আমরা করেছি। বিশেষ করে বোলিং বিভাগে। কোন একজনের জন্য আমরা হারি নাই। দল হিসেবেই আমাদের কারণ খুঁজে বের করতে হবে।'