র্যাঙ্কিংয়ে জয়ের উন্নতি, মুমিনুল-মুশফিকদের অবনতি
টেস্ট ক্যারিয়ার মাত্রই শুরু হয়েছে। মাহমুদুল হাসান জয় টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ছিলেন একশো জনের বাইরে। তবে ডারবান টেস্ট ইতিহাস গড়া সেঞ্চুরিতে বিশাল এক লাফ দিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন ৬৬তম স্থানে। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বাকি সবাই নিজেদের আগের জায়গা থেকে পিছিয়ে গেছেন।
সাপ্তাহিক পারফরম্যান্স বিবেচনায় র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে দেখা যায় ৩৭ ধাপ এগিয়ে জয় আছেন ৬৬তম স্থানে।
ছন্দহীন মুমিনুল হক ডারবানে ব্যর্থতার পর ৭ ধাপ পিছিয়ে গেছেন। তিনি এখন ৪৪ নম্বরে। অভিজ্ঞ মুশফিকুর রহিম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৭ ও ০ রান করেন। তিনিও পিছিয়েছেন সাত ধাপ। মুশফিক এখন ২৮ নম্বরে। গত বছর জুড়ে দারুণ ছন্দে থাকা লিটন দাসও এই টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি।
প্রথম ইনিংসে ৪১ ও দ্বিতীয় ইনিংসে করেন ২ রান। দুই ধাপ পিছিয়ে তার অবস্থান ১৭ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে তিনিই আছেন সবার উপরে।
ব্যাটসম্যানরা পেছালেও বোলারদের উন্নতি হয়েছে। এই টেস্টে ৫ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে ইবাদত হোসেন ৭৯তম স্থানে। দুই ধাপ এগিয়ে তাসকিন আহমেদ ৯১ নম্বরে। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ আছেন ৩১তম অবস্থানে। টেস্টে বোলারদের মধ্যে বাংলাদেশের সবার উপরে তাইজুল আহমেদ (২৪) এই ম্যাচে খেলেননি।
বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই ফিফটি করায় ডিন এলগার দুই ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে। ব্যাটসম্যানদের শীর্ষ র্যাঙ্কিংয়ে আগের মতই আছেন মারনাশ লাবুশেন ও স্টিভেন স্মিথ। তিনে কেইন উইলিয়ামসন। চার নম্বরে জো রুট। পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন পাঁচে।
বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশকে বিধ্বস্ত করে ৩২ রানে ৭ উইকেট নেওয়া কেশব মহারাজ। তিনি এখন ২৮ নম্বরে। এই তালিকা শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ভারতের রবিচন্দ্রন অশ্বিন দুই ও জাসপ্রিট বুমরাহ আছেন তিনে। আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট না খেলা কাগিসো রাবাদা চারে, পাকিস্তানের শাহীন আফ্রিদিও আছেন এই অবস্থানে।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতই এক নম্বরে ভারতের রবীন্দ্র জাদেজা।