লঙ্কায় হোয়াইটওয়াশ বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক

শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। হাতে ছিল ছয় উইকেট। অনেকটা নিশ্চিত জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাতে অন্তত হোয়াইটওয়াশ এড়াতে পারত দলটি। কিন্তু এরপরই কি যেন হয়ে যায় তাদের। পাঁচটি উইকেট হারিয়ে উল্টো হেরেই বসে যুবা টাইগাররা। ফলে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে নিল লঙ্কান দলটি।

রোববার শ্রীলঙ্কার রাঙ্গিরি দাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় এদিন বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার ইফতেখার হোসেন ও মাহফিজুল ইসলাম ৬৭ রানের জুটি গড়েন। এরপর দ্বিতীয় উইকেটে প্রান্তিক নওরোজ নাবিলের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে আউট হন মাহফিজুল।

এরপর দ্রুত ৩টি উইকেট হারালেও পঞ্চম উইকেটে আরিফুল ইসলামের সঙ্গে ৪৯ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন আইচ মোল্লা। কিন্তু এ জুটি ভাঙতেই ১৩ রানের ব্যবধানে ৫টি উইকেট হারায় বাংলাদেশ। তাতে হোয়াইটওয়াশই নিশ্চিত হয় তাদের।

দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন মাহফিজুল। ৮৫ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৬৩ বলে ৪টি চারের সাহায্যে ৫৫ রান করেন আইচ। প্রান্তিক ৩৩ ও ইফতেখার ৩২ রান করেন। শ্রীলঙ্কার ভিনুজা রানপাল ও দুনিথ ওয়েলালাগে ২টি করে উইকেট নেন।

এর আগে চামিন্দু বিক্রমাসিংহের সেঞ্চুরি ও শেভন ড্যানিয়েলের হাফসেঞ্চুরিতে শুরুর ধাক্কা সামলে দারুণ খেলতে থাকে শ্রীলঙ্কা। এ দুই ব্যাটার দ্বিতীয় উইকেট জুটিতে গড়েছেন ১৫৪ রান। এরপর বাংলাদেশের যুবারা দারুণভাবে ঘুরে দাঁড়ালেও লড়াইয়ের পুঁজি পেয়ে যায় শ্রীলঙ্কা।

১২৩ বলে ১০২ রানের ইনিংস খেলেন বিক্রমাসিংহে। ১০টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া ড্যানিয়েলের ব্যাট থেকে আসে ৫৯ রান। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট পেয়েছেন মু-শফিক হাসান। এছাড়া ২টি করে উইকেট নেন রিপন মণ্ডল ও আহসান হাবিব।