লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত পাকিস্তানি ক্রিকেটাররাও

স্পোর্টস ডেস্ক

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকে বিহ্বল ভারত সহ গোটা বিশ্ব। শোক ছেয়ে গেছে ভারতীয় ক্রিকেট অঙ্গনেও। ভারতীয় ক্রিকেটাররা তার মৃত্যুতে যেমন শোক জ্ঞাপন করেছেন, সীমানার ওপারে পাকিস্তানি ক্রিকেটাররাও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। লতার সুমধুর কণ্ঠ একত্রিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদেরও।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম লতাকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে লিখেছেন, 'এক সোনালী যুগের অবসান। তার জাদুময় কণ্ঠস্বর এবং উত্তরাধিকার বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। এক অতুলনীয় আইকন! শান্তিতে থাকুন লতা মঙ্গেশকরজী।'

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা লিখেছেন, 'লতা মঙ্গেশকর ছিলেন করুণা, নম্রতা এবং সরলতার প্রতীক এবং সেইজন্য তিনি মহান… সবাই তার থেকে শিক্ষা নিতে পারে। কিশোর কুমারের পর এখন তার মৃত্যুতে আমার হৃদয় ভেঙে গিয়েছে!'

সাবেক পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, 'লতাজীর মৃত্যুর কথা শুনে মর্মাহত... তার সুন্দর গান শুনে বড় হয়েছি। কথায় বলে 'আপনি সব ভুলে যেতে পারেন কিন্তু একটি সুরেলা গান কখনো নয়।' আমরা তার সুর কখনো ভুলব না। সঙ্গীত জগত একজন কিংবদন্তি হারালো।'

আরেক সাবেক পেসার ওয়াকার ইউনুস লিখেছেন, 'লতা মঙ্গেশকরজীর মৃত্যু সংবাদ শুনে খুবই মর্মাহত। আর কখনো আরেকজন লতা আসবে না। শান্তিতে থাকুন কিংবদন্তি।'

সাবেক পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও লতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। লতার একটু উদ্ধৃতি তুলে ধরে 'আমার কণ্ঠই আমার পরিচয়, শান্তিতে থাকুন লতা মঙ্গেশকর।'

লতা মঙ্গেশকর কে স্মরণ করে পাক বোলার হাসান আলি টুইটারে লেখেন, 'শান্তিতে থাকুন লতা মঙ্গেশকর।'

শোয়েব মালিক টুইটারে লিখেছেন, 'আমরা নুর জাহান ও লতা মঙ্গেশকরজীর সুরেলা কণ্ঠ শুনে বড় হয়েছি। পৃথিবী আজ অমূল্য এক সম্পদ হারালো। লতা মঙ্গেশকরজীকে পৃথিবীর সমস্ত সঙ্গীত প্রেমীরা মিস করবে।'

লতা মঙ্গেশকরকে স্মরণ করে, পাক বোলার হাসান আলি টুইটারে লিখেছেন, 'শান্তিতে থাকুন লতা মঙ্গেশকর।'