লাইভ অনুষ্ঠানে আফ্রিদির সঙ্গে শেহজাদের উত্তপ্ত বাক্য বিনিময়

স্পোর্টস ডেস্ক

আলোচনা চলছিল পাকিস্তান-শ্রীলঙ্কার চলমান দ্বিতীয় টেস্ট নিয়ে। সেই আলোচনা পরে গিয়ে গড়াল দল নির্বাচন প্রক্রিয়ায়। আর তাতে নিজের ক্ষোভটা আড়াল করে রাখতে পারলেন না আহমেদ শেহজাদ। সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে চড়া গলায় তর্কে জড়ালেন তিনি।

লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে শেহজাদ। সবশেষ টেস্ট ও ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে।  সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তাও ২০১৯ সালে। বর্তমানে তিন সংস্করণেই ওপেনিং পজিশনে পাকিস্তানে আছে থিতু খেলোয়াড়। শেহজাদের ফিরে আসা তাই কঠিন।

তবে তার বড় আক্ষেপ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর সব শেষ আসরেও সুযোগ পাননি তিনি। নিজের ক্যারিয়ার, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি নিয়ে সামা টিভির এক অনুষ্ঠানে আলাপের মাঝে এই বিষয়ে হতাশা জানান শেহজাদ।

আফ্রিদি তখন বলেন শেহজাদকে সুযোগ দিলেও তিনি তা হেলায় হারিয়েছেন,  'আমি ওকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেই সুযোগ ও কাজে লাগাতে পারেনি। অনেকে মনে করত আমি ওকে বেশি সুযোগ দিয়েছি। সেটা ঠিক নয়, শেহজাদ ভাল খেলত বলেই সুযোগ দিয়েছিলাম।'

আফ্রিদির এই কথার পরই গলার স্বর বদলে যায় ৩০ পেরুনো ওপেনারের, 'শহীদ ভাই, আপনাকে বড় ভাই মানি। আপনি যা কিছু বলতে পারেন। কিন্তু মাঝে মাঝে এরকম কথা কষ্ট দেয়।'

এই সময় উঠে আসে শেহজাদের মাঠের বাইরের শৃঙ্খলার প্রসঙ্গও। শেহজাদ যদিও নিজেকে নিয়মে বাধা একজন হিসেবেই দেখাতে চেয়েছেন।

আফ্রিদি পরে মনে করিয়ে দেন সুযোগ পেতে হলে তো রান করে দেখাতে হবে, 'রান না পেলে তোমাকে ডাকবে কেন? সুযোগ তৈরি করতে হলে আগে রান করতে হবে। রান কর, বউ-বাচ্চা নিয়ে সুখে থাকার চেষ্টা করো।'

আফ্রিদির কথা কেড়ে নিয়ে শেহজাদের পাল্টা জবাব, 'আমি রান করতে চাই। সেই রানটা করব কোথায়? নিজের বাড়িতে। আপনাকেই প্রশ্ন রাখলাম। আগে সুযোগ দিয়ে দেখুন রান করতে পারি কিনা।'

কথা কাটাকাটির এই পর্যায়ে এসে আলোচনা অন্য দিকে নিয়ে যান উপস্থাপকরা। দুজনেই ভার্চুয়ালি আলোচনায় যুক্ত থাকায় তাদের সামলানোও হয়েছে সহজ।