৪১০ রানের ইনিংসে লারাকে ছাড়িয়ে গেলেন নর্থইস্ট

স্পোর্টস ডেস্ক

একবিংশ শতাব্দীতে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে কোয়াড্রাপল সেঞ্চুরি করলেন স্যাম নর্থইস্ট। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামরগনের জার্সিতে এই স্মরণীয় কীর্তি গড়লেন তিনি। কেবল তা-ই নয়। ৩২ বছর বয়সী এই ইংলিশ ডানহাতি ব্যাটার ছাড়িয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাকেও।

শনিবার লেস্টারে চার দিনের ম্যাচের চতুর্থ ও শেষদিনে স্বাগতিক লেস্টারশায়ারের বিপক্ষে অপরাজিত ৪১০ রান করেন নর্থইস্ট। একবিংশ শতাব্দীতে প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ৪৫০ বল মোকাবিলা করে তিনি মারেন ৪৫ চার ও ৩ ছক্কা।

নর্থইস্টের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ কোয়াড্রাপল সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান রাজপুত্র খ্যাত লারা। ২০০৪ সালে সেন্ট জনসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানে অপরাজিত ছিলেন তিনি। মহাকাব্যিক ওই ইনিংসের মাধ্যমে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েন লারা। সেই কীর্তি টিকে থাকলেও আরেকটি অর্জন তার হাতছাড়া হলো। তাকে টপকে চলমান শতাব্দীর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হলেন নর্থইস্ট।

দিনের মধ্যাহ্ন বিরতির আগে দর্শনীয় কায়দায় কোয়াড্রাপল সেঞ্চুরি স্পর্শ করেন নর্থইস্ট। লেস্টারশায়ারের পেসার রোমান ওয়াকার বল ফেলেছিলেন অফ স্টাম্পের বেশ বাইরে। লং-অন দিয়ে তা সীমানার বাইরে পাঠিয়ে ব্যক্তিগত চারশতে পৌঁছে যান নর্থইস্ট। পরের ডেলিভারিতেও তিনি আরেকটি ছক্কা হাঁকান। তার নৈপুণ্যে প্রথম ইনিংসে ২১১ রানের বড় লিড নিয়েছে গ্ল্যামরগন। প্রথম সেশন শেষে তারা ৫ উইকেটে ৭৯৫ রান তুলে ইনিংস ঘোষণার আগে লেস্টারশায়ার অলআউট হয়েছিল ৫৮৪ রানে।

ক্রিকেট ইতিহাসে সবমিলিয়ে কোয়াড্রাপল সেঞ্চুরির স্বাদ পাওয়া নবম ব্যাটার নর্থইস্ট। আর গ্ল্যামরগনের জার্সিতে তিনিই প্রথম এই নজির স্থাপন করলেন। তিনি এমন এক তালিকায় নাম লেখালেন যেখানে লারার পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান ও পাকিস্তানের হানিফ মোহাম্মদের নাম। চারশর বেশি রানের ইনিংস দুবার করে খেলার কীর্তি আছে আবার দুজনের। একজন লারা, অন্যজন অস্ট্রেলিয়ার উইলিয়াম পন্সফোর্ড।

উল্লেখ্য, টেস্টের মতো প্রথম শ্রেণির ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক লারা। ১৯৯৪ সালে বার্মিংহামের এজবাস্টনে ডারহামের বিপক্ষে ওয়ারউইকশায়ারের হয়ে অপরাজিত ৫০১ রান করেছিলেন তিনি। স্বীকৃত ক্রিকেটে ইনিংসে পাঁচশ রানের কীর্তি নেই আর কোনো ব্যাটারের। ৪২৭ বল মোকাবিলায় লারা মেরেছিলেন ৬২ চার ও ১০ ছক্কা।