লাহোরের শিরোপা জেতায় একটি রেকর্ডও হয়ে গেল শাহীনের

স্পোর্টস ডেস্ক

বয়স মাত্র ২১। এই বয়েসেই শাহীন আফ্রিদির কাঁধে লাহোর কালান্দার্সদের দায়িত্ব পড়েছিল। তাকে অধিনায়কত্ব দেওয়া ঠিক হলো কিনা তা নিয়েও ছিল আলোচনা। তবে  সেই দায়িত্ব দারুণভাবে সামলে দলকে শিরোপা জেতালেন তিনি। নাম লেখালেন এক অনন্য রেকর্ডে

স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে পাকিস্তানের এই পেসারই সবচেয়ে কম বয়েসী অধিনায়ক হিসেবে জিতেছেন শিরোপা। এর আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের। ২০১২ সালে ২২ বছর বয়েসে বিগ ব্যাশে সিডনি সিক্সার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন স্মিথ। রোববার পিএসএলের ফাইনালে মুলতান সুলতান্সের বিপক্ষে ৪২ রানে জিতেছে শাহীনের লাহোর। এখন তিনিই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সবচেয়ে কম বয়েসী চ্যাম্পিয়ন অধিনায়ক।  

মজার কথা হলো এবার পিএসএলের আগে কখনই কোন পর্যায়ে অধিনায়কত্ব করেননি পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার। এবার শাহীনকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে অনেকের সমালোচনা ছিল। সেই তালিকায় ছিলেন তার শ্বশুর শহীদ আফ্রিদিও। সকল সমালোচনাকে পাশ কাটিয়ে শাহীনই কেড়ে নিলেন আলো।

পিএসএল চলাকালীন এক সাক্ষাতকারে আফ্রিদি বলেছিলেন,  'হ্যাঁ, আমি তাকে বলেছিলাম দায়িত্বটা না নিতে। কিন্তু সে বলেছিল সে এটা করতে চায়, সে চাপটা সামলাতে পারবে।'

শিরোপা জেতার পর নিজের দলের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাহীন, 'এটা আমার জন্য বিশাল মুহূর্ত। আমার দলের জন্যও বিশেষ মুহূর্ত। দলকে জেতানোয় সবারই অবদান ছিল। সবাই আমাকে শুরু থেকে সমর্থন যুগিয়েছে।'