ল্যাঙ্গার ও পেইন ইস্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিলেন পন্টিং
নারী সহকর্মীকে অশ্লীল ছবি ও বার্তা পাঠানোর পুরনো ঘটনার জেরে গত নভেম্বরে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান টিম পেইন। এর তিন মাস না পেরোতেই স্বল্পমেয়াদে চুক্তি বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন জাস্টিন ল্যাঙ্গার। এই দুটি ঘটনায় নিজ দেশের ক্রিকেট বোর্ডের ওপর বেজায় চটেছেন রিকি পন্টিং। দলটির কিংবদন্তি অধিনায়কের মতে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যেভাবে পরিস্থিতিগুলো সামলানোর চেষ্টা করেছে, সেটা অনেকটাই বিব্রতকর।
শনিবার নিজের ম্যানেজমেন্ট কোম্পানি ডিএসইজির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ল্যাঙ্গার। গত বছর অক্টোবরে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত মাসে অ্যাশেজ জেতানো এই কোচের চাওয়া ছিল দীর্ঘমেয়াদে চুক্তি বাড়ানো। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে প্রস্তাব দিয়েছিল স্বল্পমেয়াদে চুক্তি বৃদ্ধির।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর যখন ভীষণ সংকটে পড়েছিল অস্ট্রেলিয়া, তখন প্রধান কোচ হয়েছিলেন ল্যাঙ্গার। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে দলকে সাফল্যের দিশা দেন তিনি। মাঝে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হলেও তার শেষটা হয় সোনায় মোড়ানো। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে অ্যাশেজ জেতান তিনি।
ল্যাঙ্গারের পদত্যাগের সিদ্ধান্তের পর সাবেক অজি অধিনায়ক পন্টিং এবিসি রেডিওকে বলেছেন, 'আমি মনে করি, অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এটি সত্যিই একটি দুঃখজনক দিন। যদি পিছনে ফিরে তাকান, তাহলে গত ছয়টি মাস সত্যিই বাজে ছিল। আমি মনে করি, ক্রিকেট অস্ট্রেলিয়া সব মিলিয়ে যেভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিছু দারুণ ব্যক্তিত্ব, যেমন- জাস্টিন ল্যাঙ্গার ও টিম পেইনের বিষয়গুলোকে তদারক করার চেষ্টা করেছে, সেটা প্রায় বিব্রতকর।'
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ শুরুর তিন সপ্তাহ আগে আচমকা নেতৃত্ব থেকে পদত্যাগ করেছিলেন পেইন। সেসময় চার বছর আগের এক বিতর্কিত ঘটনা প্রকাশিত হয়েছিল অস্ট্রেলিয়ান গণমাধ্যমে। এক নারী সহকর্মীকে অশ্লীল ছবি ও বার্তা পাঠিয়েছিলেন পেইন। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট তাসমানিয়ার তদন্তের পর অভিযোগ থেকে মুক্তি পেয়েছিলেন, তবুও সেই ঘটনার জেরে দায়িত্ব ছাড়েন তিনি।