আশরাফুলের লড়াইয়ের পরও শফিকুলের তোপে চাপে পূর্বাঞ্চল
পয়েন্ট মাত্র ২। তালিকার তলানিতে রয়েছে উত্তরাঞ্চল। কিন্তু কাগজে কলমে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে ওঠার সুযোগ এখনও রয়েছে দলটির। সে লক্ষ্য পূরণ করতে হলে লিগ পর্বের শেষ ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে দারুণ কিছু করে দেখাতে হবে তাদের। মোহাম্মদ আশরাফুলের লড়াইয়ের পরও শফিকুল ইসলামের তোপে তেমন সূচনাই পেয়েছে উত্তরাঞ্চল।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রোববার পূর্বাঞ্চলকে ১৬৬ রানেই গুটিয়ে দিয়েছে উত্তরাঞ্চল। আর নিজেদের প্রথম ইনিংসে নেমে বিনা উইকেটে ৭১ রান তুলে দিন শেষ করেছে তারা। এখনও ৯৫ রানে পিছিয়ে আছে দলটি।
টস জিতে এদিন পূর্বাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় উত্তরাঞ্চল। পেসার শফিকুলের তোপে শুরুটা হয় দারুণ। অসাধারণ বোলিংয়ে দলীয় ১০ রানে পূর্বাঞ্চলের তিন উইকেট তুলে নেয় দলটি। ৭৮ রানে শেষ প্রথম সারীর পাঁচ উইকেট। এই পাঁচটি উইকেটই পান শফিকুল। তাতে একশ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে পূর্বাঞ্চল।
তবে এক প্রান্ত আগলে রেখে উত্তরাঞ্চলের বাধা হয়ে ছিলেন আশরাফুল। চতুর্থ উইকেটে আফিফের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে চেষ্টা করেছিলেন। এরপর জোড়া ধাক্কার পর প্রিতম কুমার ও নাঈম হাসানের সঙ্গে ফের ইনিংস মেরামতের চেষ্টা করেন। ষষ্ঠ উইকেট জুটিতে ৪৭ ও সপ্তম উইকেটে ৩৭ রানের দুটি জুটি গড়েন আশরাফুল। কিন্তু এ ব্যাটারকে সানজামুল ইসলাম তুলে নিলে বদলে যায় চিত্র। ৪ রান তুলতে শেষ চার উইকেট হারালে ১৬৬ রানেই গুটিয়ে যায় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন আশরাফুল। ১৬০ বলে ৯টি চার ও ১টি ছক্কায় এ রান করেন এ ওপেনার। আফিফের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৩৭ রান। ৪টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া ৩৭ বলে ৫টি চারের সাহায্যে ২৬ রান করেন প্রিতম।
উত্তরাঞ্চলের পক্ষে ৩৫ রানের খরচার ৫টি উইকেট নেন শফিকুল। সানজামুল পান ৩টি উইকেট। শরিফুল্লাহর শিকার ২টি।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ খেলে চলেছেন দুই ওপেনার তানজিদ হাসান ও জুনায়েদ সিদ্দিকি। অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন তারা। তানজিদ ৩৫ ও জুনায়েদ ৩০ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন।