শান্ত মেজাজের রুট এনে দেবেন রোমাঞ্চকর জয়, বিশ্বাস ব্রডের

স্পোর্টস ডেস্ক

স্যুয়িং বলের পসরায় উইকেট পতনের বৃষ্টিতে ম্যাচ দুদিনে শেষ হয়ে যায় কিনা সেই শঙ্কা দেখা দিয়েছিল। দেড়শোর আগেই থেমেছিল দুদলের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ড্যারেল মিচেল ও টম ব্ল্যান্ডেল বদলে দেন খেলা।  চ্যালেঞ্জিং রান তাড়ায় নেমে ইংল্যান্ড যখন ভীষণ চাপে তখনই ম্যাচের গতিপথ বদলে দেয়া ইনিংস খেলে চলেছেন জো রুট। ব্যাকফুটে থেকে ইংল্যান্ড আছে জেতার নাগালে। পেসার স্টুয়ার্ট ব্রড তাই অপেক্ষায় দারুণ এক সকালের।

লর্ডস টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচ জিততে ইংল্যান্ডের চাই ৬১ রান, নিউজিল্যান্ডের ৫ উইকেট। পাল্লাটা স্বাগতিকদের দিকে হেলে থাকলেও উইকেট আর কন্ডিশন বলছে কাজতা অতো সহজও নয়।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ১৩২ রানে আটকে ইংল্যান্ড নিজেরা গুটিয়ে যায় ১৪১ রানে। দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৪ উইকেট হারানোর অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। মিচেল আর ব্ল্যান্ডেল মিলে গড়েন ১৯৫ রানের জুটি। সেঞ্চুরি করেন মিচেল, ব্ল্যান্ডেল যান তিন অঙ্কের কিনারে। তারা ২৮৫ করলে ২৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পায় ইংল্যান্ড।

এই অবস্থায় নেমে ৬৯ রানে ৪ উইকেট পড়ার পর হার দেখছিল স্বাগতিকরা। অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে ৯০ রানের জুটিতে প্রতিরোধ গড়েন রুট। স্টোকস ফিরে যাওয়ার পর বেন ফোকসকে এক পাশে রেখে আরও ৫৭ রান যোগ করেন তিনি। রুট ব্যাট করছেন ৭৭ রানে, ফোকস খেলছেন ৯ রান নিয়ে।

শনিবার তৃতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমে কথা বলতে এসে ম্যাচে ৪ উইকেট নেওয়া ব্রড জানান সব নির্ভর করছে অপরাজিত দুই ব্যাটারের উপর,  'কাল সকালের জন্য আমার খুব ভাল অনুভূতি হচ্ছে। জো রুট সবচেয়ে শান্ত মেজাজের একজন, ইংল্যান্ডের সব সময়ের সেরা ব্যাটসম্যান। আর ফোকসি (বেন ফোকস) মনে হচ্ছে থিতু হয়ে গেছে। এরপর লোয়ার অর্ডারের উপর ভরসা করে বাকি রানগুলো করতে হবে। কাজেই মনে হচ্ছে ভালো একটি সকালের উপর সব নির্ভর করছে।'

'বিকেলটা আমাদের জন্য একটু হতাশার ছিল। তারা খুব ভাল খেলেছে। আমরা জানতাম খেলায় থাকতে হলে ওদের থামাতে হবে। তারা যদি ৩৪০-৩৫০ রানের লক্ষ্য দিয়ে ফেলত তবে অন্যরকম হয়ে যেত। স্টেডিয়ামে আসা দর্শকরা বিপুল সমর্থন যুগিয়েছেন। খেলোয়াড়রাও উৎসাহ পেয়ে নিজেদের নিংড়ে দিয়েছে।'

ম্যাচ নিজেকের দিকে হেলে থাকলে ব্রড জানেন যেকোনো সময় দ্রুত উইকেট পতনে বদলে যাতে পারে ছবি, 'এটা খুব উপভোগ্য টেস্ট ম্যাচ। খুবই রোমাঞ্চকর পরিস্থিতি, ঘণ্টায় ঘণ্টায় কি হবে আঁচ করা মুশকিল।'