শুধু টেস্টে নেতৃত্ব দেবেন কোহলি!
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়ক হিসেবে এই সংস্করণে শেষ হয়ে গেছে বিরাট কোহলির অধ্যায়। নিজেকে চাপমুক্ত রেখে ব্যাটিংয়ে আরও মন দিয়ে ওয়ানডে ও টেস্টের ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত আসতে পারে। তবে বেশি সম্ভাবনা টেস্ট রেখে ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেওয়া, এমনটাই জানিয়েছেন ভারতের সদ্য সাবেক হওয়া কোচ রবি শাস্ত্রি।
শুক্রবার ইন্ডিয়াটুডেকে দেওয়া এক সাক্ষাতকারে শাস্ত্রি আভাস দেন এমন কিছুর, 'গত পাঁচ বছর ধরে কোহলির নেতৃত্বে লাল বলের ক্রিকেটে ভারত এক নম্বর। যদি না ওর মানসিক অবসাদ আসে তাহলে আশা করব সে এটা চালিয়ে যাবে। তবে তার ভেতরে এমন ভাবনা আশা অপ্রত্যাশিত হবে না। ব্যাটিংয়ে মনোযোগ দিতে এমনটা ও করতে পারে।'
শাস্ত্রি আবার এও যোগ করেছেন, টেস্ট চালিয়ে গেলেও ওয়ানডেটা ছেড়ে দিতে পারেন তিনি, 'এখনি হয়ত না, তবে আগামীতে এমনটা সে করতে পারে। আবার এটাও হতে পারে বলল যে ওয়ানডের নেতৃত্ব আর করবে না, শুধু টেস্টে করবে।'
অধিনায়কত্বের পাঠ চুকিয়ে ফেলার সম্ভাবনা থাকলেও কোহলির ক্রিকেটীয় ক্যারিয়ার আরও লম্বা দেখছেন শাস্ত্রি, 'ওর ভেতর প্রচণ্ড তাড়না আছে। দলের সবচেয়ে ফিট ক্রিকেটার সে। শারীরিক সক্ষমতা তার ক্যারিয়ার বড় করবে। অধিনায়কত্বে থাকবে কিনা ওর ব্যাপার। আমার মনে হয় সাদা বলে নেতৃত্ব পুরোপুরি ছেড়ে লাল বলে থাকতে পারে। কারণ কোহলি টেস্ট ক্রিকেটের বড় এক দূত।'
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এই সংস্করণে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে আসেন কোহলি। ভারত সেমিফাইনালে উঠতে না পারায় আগেভাগেই শেষ হয় কোহলির টি-টোয়েন্টির নেতৃত্বের যুগ। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে রোহিত শর্মাকে দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সীমিত ওভারের ক্রিকেটে রোহিতই স্থায়ী অধিনায়ক হতে পারে বলে জোর আভাস আছে।