শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলবেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

স্বীকৃত টি-টোয়েন্টিতে তার দুটি সেঞ্চুরি আছে। কিন্তু নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন কেবল তিনটি। দীর্ঘ পরিসরের ক্রিকেটেই বিবেচিত হচ্ছিলেন তিনি। তবে বিশ্বকাপ বিপর্যয়ের পর পালা-বদলের স্রোতে ডাক পড়েছে টি-টোয়েন্টি দলে। সুযোগটা লুফে নিতে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চান তিনি।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ছয়টি বদল এনেছে বাংলাদেশ। নতুন আসা ছয়জনের একজন শান্ত। এই দলে তিন নম্বরে ব্যাট করার জন্য শান্তই আছেন দলের প্রথম পছন্দের তালিকায়।

সব কিছু ঠিক থাকলে ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টিতেই তিন নম্বরে নামতে দেখা যাবে তাকে। বুধবার দলের অনুশীলনেও শান্তকে সেভাবেই প্রস্তুতি নিতে দেখা গেছে।

পরে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় শান্ত জানান তার চিন্তার জায়গা,  'টি-টোয়েন্টি অবশ্যই রানেরই খেলা। আমি যখনই খেলি আমার লক্ষ্য থাকে আক্রমণাত্মক ক্রিকেটই খেলব। চিন্তা থাকে প্রথম বল থেকেই আগ্রাসী মেজাজে থাকব। তার মানে এই না যে প্রতি বলেই মারতে থাকব। অবশ্যই বল বিচার করে খেলব।'

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকাররা না থাকায় ম্যাচ খেলার অভিজ্ঞতা কম থাকলেও শান্তদের উপরই বড় দায়িত্ব।  অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া ব্যাটিং অর্ডারে অনভিজ্ঞতার ছড়াছড়ি। তবে শান্ত মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেটে সিনিয়র-জুনিয়র বলতে কিছু নেই, দায়িত্ব নেওয়ার জন্য তৈরি সবাই,  'আমরা এখানে যারা আছি প্রত্যেকেই সামর্থ্যবান। প্রত্যেকটা ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে খেলার মতো। আমাদেরই দায়িত্ব নিতে হবে। এখানে সিনিয়র  বা জুনিয়র বলে কিছু নাই। এখানে সবাই সামর্থ্যবান বলে আমরা আছি। প্রত্যেকেরই দায়িত্ব আছে। যার যে দায়িত্ব সবারই ওটা সমানভাবে পালন করতে হবে। সবারই সেই সামর্থ্য আছে।'

গত এপ্রিলে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন শান্ত। মাত্র তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারটা এবার বড় করার সুযোগ তার।