শেখ মেহেদীর অলরাউন্ড নৈপুণ্যে জিতল প্রাইম ব্যাংক
২৬৬ রানের লক্ষ্য। বিকেএসপির মাঠ বলেই আহামরি তেমন কোনো লক্ষ্য নয়। এ মাঠে হরহামেশায় এমন লক্ষ্য তাড়া করে যেতে প্রতিপক্ষরা। কিন্তু সে পুঁজিটাকেই অসাধারণ বোলিংয়ে বড় করে তোলেন বোলাররা। যার নেতৃত্ব দেন শেখ মেহেদী হাসান। ফলে দারুণ জয়ে আসর শুরু করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
মঙ্গলবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নবাগত সিটি ক্লাবকে ৫০ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নামে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে তারা। জবাবে ৪৫.২ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে সিটি ক্লাব। ৪২ রানের ওপেনিং জুটি গড়ে শাহরিয়ার কোমল ও তৌফিক খান তুষার। এরপর শেখ মেহেদীর ঘূর্ণিতে পড়ে দলটি। তাই পরে ব্যক্তিগতভাবে মইনুল ইসলাম ও জাওয়াদ রোয়ান কিছুটা চেষ্টা করতে পারলেও গড়ে ওঠেনি আর কোনো জুটি। ৫০ রান দূরেই থামে তাদের ইনিংস।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন জাওয়াদ। ৪৭ বলে ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৪৯ বলে ২টি চারের সাহায্যে ৩১ রান করেন মইনুল। এছাড়া তৌফিক ২৯ ও রাজিবুল ইসলাম ২৬ রান করেন।
প্রাইম ব্যাংকের হয়ে ৫৩ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন শেখ মেহেদী। ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট পান কাপালী। ৪৫ রানের বিনিময়ে ২টি উইকেট পান রাকিবুল হাসান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে প্রাইম ব্যাংক। দলের প্রায় সব ব্যাটারই উইকেটে সেট হয়েছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি কেউই। একমাত্র ওপেনার এনামুল হক বিজয় পেয়েছেন ফিফটির দেখা।
দলীয় ২৩ রানে সাহাদাত দিপুকে হারানোর পর দ্বিতীয় উইকেটে আভিমান্যু ইয়াসবারানকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন বিজয়। এরপর নাসির হোসেনের সঙ্গে ৪৮ রানের আরও একটি জুটি গড়ে মইনুল ইসলামের বলে বোল্ড হয়ে যায় তিনি।
বিজয় আউট হওয়ার পর শামসুর রহমান শুভর সঙ্গে ৩২ রানের জুটি গড়ে আউট হয়ে যান নাসির। এরপর অলক কাপালীর সঙ্গে জুটি বাঁধেন শুভ। ৭১ রানের দারুণ এক জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এ দুই ব্যাটার। এরপর দারুণ এক ক্যামিও খেলে দলের পুঁজি আড়াইশ পার করেন শেখ মেহেদী।
দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন বিজয়। ৮২ বলে ৮টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ৪০ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন কাপালী। ৫১ বলে ৪৫ রান করেন শুভ। এছাড়া নাসির ৩২ ও আভিমান্যু ৩০ রান করেন। ১৬ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৭ রান করেন শেখ মেহেদী।
সিটি ক্লাবের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আব্দুল হালিম, আমিনুর রহমান ও আবদুল্লাহ আল মামুন।