শেষ ওভারে আবেশকে আনার ব্যাখ্যা দিলেন রোহিত
শেষ ওভারের রোমাঞ্চের অপেক্ষায় ছিল ভারত। তখনও প্রয়োজন ছিল ১০ রানের। ক্যারিবিয়ানদের হাতে পাঁচ উইকেট থাকায় কাজটা কঠিন হয়। তবে নিখুঁত বোলিং করতে পারলে তখনও সম্ভব। কিন্তু কী করলেন আবেশ খান। প্রথম দুই বলেই শেষ ম্যাচ। তাও আবার প্রথমটা করেন নো-বল।
মাত্র দুই বলেই ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজনীয় রান দিয়ে দেওয়ায় এ প্রশ্ন উঠেছে অনেক। রোহিতের নেতৃত্বের সমালোচনাও করেছেন অনেকে। কারণ তখনও দুটি ওভার বাকি ছুল ভুবনেশ্বর কুমারের। বল হাতে যিনি অনেক দিন থেকেই পরীক্ষিত। বিশেষকরে দলের এমন অবস্থানে।
ম্যাচ শেষে অবশ্য আবেশ বল দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন রোহিত, 'এটি সবই সুযোগ দেওয়ার বিষয়। আমরা ভুবনেশ্বরকে জানি, ও কী করতে পারে, জানি। কিন্তু আপনি যদি আবেশ বা আর্শদীপকে সুযোগ না দেন, তাহলে ভারতের হয়ে ডেথ ওভারে বল করার মানে কী, সেটা ওরা কখনও-ই বুঝে উঠতে পাবে না। আইপিএলে ওরা সেটা করেছে। শুধু একটি ম্যাচের জন্য আতঙ্কিত হওয়ার দরকার নেই। ওদের সমর্থন এবং সুযোগ প্রয়োজন।'
এমন হারের পরেও দল নিয়ে গর্বিত রোহিত, 'দল নিয়ে আমি গর্বিত। আপনি যখন এমন একটি লক্ষ্য রক্ষা করছেন, যেটা ১৩-১৪ ওভারেই শেষ হতে পারে। বা আপনি এটিকে শেষ ওভার পর্যন্ত টেনে আনার চেষ্টা করতে পারেন। ছেলেরা লড়াই চালিয়ে গিয়েছে, উইকেট নেওয়াটা জরুরি ছিল। আমরা যে পরিকল্পনা করেছি, ছেলেরা তা বাস্তবায়ন করেছে।'
'বোলারদের নিয়ে খুশি, কিন্তু ব্যাটিংয়ে কিছু বিষয় আছে, যা আমাদের দেখতে হবে। আমি বারবার বলব যে, আমরা এই ধরণে ব্যাটিং চালিয়ে যাব কারণ আমরা কিছু অর্জন করতে চাই। এক-বার খারাপ ফলাফল হলে, আতঙ্কিত হওয়া উচিত নয়। একটা হারের পর আমরা সবটা পাল্টে ফেলব না,' যোগ করেন রোহিত।
আর নিজেদের ভুল শুধরে পরের ম্যাচেই ফেরার অঙ্গীকার করেন অধিনায়ক, 'স্কোরবোর্ডে আমাদের জন্য যথেষ্ট রান ছিল না। আমরা ভালো ব্যাটিং করিনি। যদিও এই পিচে ভালো খেলা যাচ্ছিল। কিন্তু আমরাই খেলতে পারিনি। আমি বারবার বলে থাকি, যখন ব্যাটিং গ্রুপ হিসেবে কিছু চেষ্টা করা হয়, তখন সব সময় যে কার্যকর হবে, তা কিন্তু নয়। আমরা আমাদের ভুলগুলো বোঝার চেষ্টা করব এবং তা সংশোধন করার চেষ্টা করব।'
সোমবার সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সমতায় ফিরল ক্যারিবিয়ানরা। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।