শেষ কোভিড পরীক্ষা সম্পন্ন, রোমাঞ্চ নিয়ে ফলের অপেক্ষায় মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক

একদম বন্দি অবস্থা থেকে কিছু সময়ের জন্য মুক্তি মেলে দিনে দুবার। বের হয়ে নির্দিষ্ট দূরত্ব মেনে একে অন্যের সঙ্গে কথা বলা, দেখা করার সুযোগ মেলে ক্রিকেটারদের। বাকিটা সময় ঘরবন্দি। এই অবস্থার সমাপ্তি হতে পারে আর একদিন পর। যদি শেষ কোভিড-১৯ পরীক্ষায় সবার ফলও আসে নেগেটিভ।

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের কোয়ারেন্টিন শেষ হয়ে যেত আরও আগেই। এতদিনে নিবিড় অনুশীলনেই থাকার কথা দলের।  কিন্তু যাত্রাপথে ওমিক্রন আক্রান্ত এক যাত্রীর সংস্পর্শে আসা এবং স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কোভিড আক্রান্ত হওয়া মিলিয়ে বেড়ে যায় কোয়ারেন্টিনের মেয়াদ। বর্ধিত কোয়ারেন্টিনের পর মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে পুরোদমে মুক্তি মিলবে মুমিনুল হকদের। তবে তার আগে শেষ কোভিড পরীক্ষায় ফল হওয়া চাই নেগেটিভ।

রোববার শেষ দফায় কোভিড-১৯ পরীক্ষায় নমুনা দেন ক্রিকেটাররা। এই পরীক্ষার ফল পাওয়া যাবে সোমবার। তাতে প্রত্যাশিত ফল এলে মঙ্গলবার থেকে কোন রকম সুরক্ষা বলয় ছাড়াই চলাফেরা, অনুশীলনের সুযোগ মিলবে।

সেই মুক্তির অপেক্ষায় যেন তর সইছে না ক্রিকেটারদের। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম জানালেন তেমনটাই, 'আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাল লাগছে। শেষ একটা কোভিড পরীক্ষা করিয়েছে। এটার ফল আগামীকাল নেগেটিভ এলে পরশু দিন থেকে আমরা অনুশীলন করতে যাব। এটা নিয়ে সবার মধ্যেই একটা রোমাঞ্চ কাজ করছে। সবাই দোয়া করবেন যাতে ফলটা নেগেটিভ আসে।'

'আমরা সবাই ভাল আছি। ইয়েলো ব্যান্ড পরিয়ে আমাদের দুটো গ্রুপ করে দিয়েছে। আমরা প্রতিদিনই দুটো সময় করে নিচে সবাই দেখা করি, সামাজিক দূরত্ব মেন্টেন করে কথা বলতে পারি। ভাল লাগে একজন আরেকজনের চেহারা দেখলে। মাঠে গিয়ে ভালো কিছু করার প্রত্যাশা করছি। করে দেখাব ইনশাল্লাহ এবার।' 

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতে প্রথম টেস্ট খেলার কথা বাংলাদেশের। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের আগে ২৮ ডিসেম্বর দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।