শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ট্রেন্ট ব্রিজ টেস্ট

স্পোর্টস ডেস্ক

প্রথম ইনিংসে পিছিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসেও জাসপ্রিট বুমরাহর তোপে পড়েছিল। তবে দারুণ সেঞ্চুরি করে কঠিন অবস্থা থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক জো রুট। বুমরাহ ৫ উইকেট নিলেও লড়াইয়ের একটা পুঁজি পেয়ে যায় স্বাগতিকরাও। শেষ দিনের কঠিন উইকেটে তাই ভারত-ইংল্যান্ড দুই দলের জন্যই উঁকি দিচ্ছে ম্যাচ জেতার সম্ভাবনা।

শনিবার ট্রেন্ট ব্রিজ টেস্টের চতুর্থ দিনে লড়াই হয়েছে জম্পেশ। ৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে  রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড করে ৩০৩ রান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৫ উইকেট তুলে ভারতের নায়ক বুমরাহ।

ম্যাচ জিততে ২০৯ রানের লক্ষ্য পাওয়া ভারত দিন শেষে ১ উইকেটে করেছে ৫২ রান। রোহিত শর্মা অপরাজিত আছেন ১২ রানে, সঙ্গী চেতশ্বর পূজারার রানও ১২।

শেষ দিনে ম্যাচ জিততে ভারতের চাই আরও ১৫৭ রান, ইংল্যান্ডের ৯ উইকেট। সম্ভাবনার পাল্লা ভারতের দিকে কিছুটা হেলে থাকলেও কন্ডিশন আভাস দিচ্ছে- সবই সম্ভব।

আগের দিনের বিনা উইকেটে ২৫ রান নিয়ে নেমে শুরুতেই ধাক্কা  খায় ইংলিশরা। রোরি বার্নসকে তুলে নেন মোহাম্মদ সিরাজ। খানিক পর জ্যাক ক্রলিকে উইকেটের পেছনে ক্যাচ বানান বুমরাহ।

এরপর ডম সিবলিকে নিয়ে প্রতিরোধের শুরু রুটের। তৃতীয় উইকেটে তারা আনেন ৮৯ রান। এই জুটিও ভাঙেন বুমরাহ। ১৩৩ বলে ২৮ করা সিবলি দেন কিপারের হাতে ক্যাচ।

পরে জনি বেয়ারস্টোর সঙ্গেই জমে উঠেছিল রুটের আরেক জুটি। তবে থিতু হওয়া বেয়ারস্টোর সিরাজের বলে ক্যাচ দিলে ৪২ রানেই থামে তা। বেয়ারস্টো ৩০ রান করে ফেরার পর ড্যান লরেন্সেরও একই দশা। থিতু হয়েছিলেন তিনিও। ইনিংস বড় করতে পারেননি। ২৫ রান করা এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন শার্দুল ঠাকুর।

উইকেটে মানিয়ে নেওয়া জস বাটলারকেও ছাঁটেন শার্দুল। এক প্রান্তে লড়ে যাওয়া রুট স্রোতের বিপরীতে সাঁতরে পৌঁছান তিন অঙ্কে। কিন্তু এরপর তাকেও বাড়তে দেননি বুমরাহ। দারুণ এক বলে ফের পান্তের গ্লাভসে জমা পড়ে আরেক ক্যাচ।  ১০৯ রান করা ইংল্যান্ড অধিনায়ক রুটের মহামূল্যবান শিকার জমা পড়ে বুমরাহর ঝুলিতে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের শেষ দিকের ত্রাতা হয়েছেন স্যাম কারান। তার ৪৫ বলে ৩২ রান আর ওলি রবিনসনের ১৫ রানের অবদানে তিনশো ছাড়ায় ইংল্যান্ডের স্কোর। ভারতকে দিতে পারে ২০৯ রানের চ্যালেঞ্জ।

রান তাড়ায় ভালো শুরু আনেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল-রোহিত শর্মা। রোহিত ধীরস্থির থাকলেও লোকেশই বাড়াচ্ছিলেন রান। ৩৪ রানের জুটির পর দারুণ এক ডেলিভারিতে প্রথম ইনিংসে ৮৪ করা রাহুলকে উইকেটের পেছনে ক্যাচ বানান স্ট্রুয়ার্ট ব্রড। এবার রাহুল থামলেন ২৬ রানে। 

বৃষ্টি বাগড়া না দিলে শেষ দিনে ট্রেন্ট ব্রিজে অপেক্ষা করছে দারুণ এক লড়াই।