বিপ্লব ফিরছেন, বিশ্বকাপে ‘বাড়তি’ হিসেবে দলের সঙ্গে রুবেল

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে রুবেল হোসেনকে যুক্ত করে বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বিসিবি। পরে দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, মূল স্কোয়াডে নয় রুবেলকে রাখা হয়েছে অতিরিক্ত হিসেবে। রিজার্ভ তালিকায় থাকা আরেক ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব অবশ্য ফিরে আসছেন দেশে।  

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুবেল হোসেনকে ১৬তম সদস্য হিসেবে যুক্ত করার কথা জানিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপের মূল স্কোয়াডের সদস্য সংখ্যা ১৫। ১৬ জন নেওয়ার কোন সুযোগ কারো নেই। এই নিয়েই তৈরি হয় বিভ্রান্তি। 

পরে নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সতর্কতা হিসেবে রুবেল অতিরিক্ত তালিকায়  দলের সঙ্গে থাকছেন, 'বিপ্লব ফিরে যাচ্ছে। কিন্তু আমাদের পেস বোলারদের মধ্যে একটু ইনজুরি কনসার্ন আছে। সতর্কতা হিসেবে রুবেলকে রেখে দেওয়া হয়েছে। যদি সেরকম দরকার হয় আরকি যাতে দেশ থেকে এনে কোয়ারেন্টিন করতে না হয়। সেজন্য রেখে দেওয়া হয়েছে।'

নিয়ম অনুযায়ী রুবেল দলের সঙ্গে থেকে অনুশীলন করতে পারবেন। তবে বিশ্বকাপের ম্যাচগুলোতে দলের সঙ্গে ড্রেসিংরুমে আসতে পারবেন না। ১৫ জনের বিশ্বকাপ দলের খরচ বহন করবে আইসিসি, তবে রুবেলের থাকা-খাওয়ার খরচ দিতে হবে বিসিবিকেই। 

ওমানে তিন দিনের অনুশীলন ও একটি ম্যাচ খেলে রোববার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ১৫ অক্টোবর তারা ফিরবে ওমানে। ১৭ অক্টোবর সেখানেই মাহমুদউল্লাহদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ। 

অতিরিক্ত: রুবেল হোসেন (দলের সঙ্গে থাকবেন) ও আমিনুল ইসলাম বিপ্লব।