শেষ ম্যাচেও টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, মেহদীর জায়গায় নাসুম
প্রথম দুই টি-টোয়েন্টির পর শেষ ম্যাচেও টস জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। আগের দুবারের মতো আবারও আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে আরও একবার রান তাড়া করার চ্যালেঞ্জ বাংলাদেশের।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি বদল। অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। চোটের কারণে এই ম্যাচেও নেই মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। জিম্বাবুয়ে একাদশে আসেনি কোন বদল।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া রাজা বলেন, উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো। আগে ব্যাট করে তাই তারা একটি বড় পুঁজির দিকে ছুটবেন। এবারও টস হারলেও সেটাকে বড় সমস্যা মনে করছেন না মাহমুদউল্লাহ।'
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ, পরেরটি জেতে সমতায় আসে জিম্বাবুয়ে। এই ম্যাচ জিতলে প্রথমবার কোন বিদেশ সফরে গিয়ে তিন সংস্করণে সিরিজ জেতার নজির গড়বে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, টাডিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙ্গুই, ব্লেসিং মুজারাবানি, মিল্টন শুম্বা, টেন্ডাই চাতারা।