শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

ইতিহাসগড়া জয়ের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে দুঃসংবাদ পেল পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিতে খেলতে পারবেন না দলটির তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে শাহিনের চোটের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা বলেছে, 'প্রথম টেস্টের চতুর্থ দিনে পাওয়া হাঁটুর চোটের কারণে শাহিন আফ্রিদি আগামী ২৪ জুলাই থেকে গলেতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।'

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার চলমান সিরিজের প্রথম টেস্টের ভেন্যুও ছিল গল আন্তর্জাতিক স্টেডিয়াম। গতকাল বুধবার ম্যাচের পঞ্চম দিনে ৩৪২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পায় সফরকারীরা। তাতেই তারা লেখে নতুন কীর্তি। এই মাঠে সবচেয়ে বেশি তাড়া করে জেতার রেকর্ড গড়ে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

তরুণ ওপেনার আবদুল্লাহ শফিক দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারের সেরা অপরাজিত ১৬০ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয় সবচেয়ে বড় ভূমিকা রাখেন। তবে অবদান কম ছিল না ২২ বছর বয়সী শাহিনেরও। স্বাগতিক লঙ্কানদের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।

পিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, না খেলতে পারলেও দলের সঙ্গে থাকবেন শাহিন, 'তিনি শ্রীলঙ্কায় (পাকিস্তান) টেস্ট দলের সঙ্গে থাকবেন যেখানে দলের চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে তার প্রাথমিক পুনর্বাসন ও ব্যবস্থাপনা প্রক্রিয়া অব্যাহত থাকবে।'

২০১৮ সালে টেস্ট অভিষেক হয়েছিল সময়ের অন্যতম সেরা বোলার শাহিনের। এখন পর্যন্ত ২৫ টেস্ট খেলে তার নামের পাশে রয়েছে ৯৯ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ উত্তেজনাপূর্ণ ম্যাচে হাসান আলি ও নাসিম শাহকে সঙ্গে নিয়ে পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, শফিকের বীরত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে দলটি। তবে আগামী টেস্টে হেরে গেলে পাঁচে নেমে যাবে তারা। সেক্ষেত্রে জয় দিয়ে শ্রীলঙ্কা ফিরে পাবে তৃতীয় স্থান।