শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ। গতকাল রোববার রাতে ওমান থেকে আবুধাবিতে পৌঁছায় দল।
আজ সোমবার জায়েদ ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। বাংলাদেশ সময় বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঘাম ঝরান তারা।
আগামীকাল আবুধাবিতে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। পরদিন ওমানে ফিরবে দল। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নেবে বাংলাদেশ।
গ্রুপ 'বি'তে থাকা বাংলাদেশের তিন প্রতিপক্ষ হলো পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও ওমান। নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডকে মোকাবিলা করবে টাইগাররা।