শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও বিশ্রামে মাহমুদউল্লাহ?

ক্রীড়া প্রতিবেদক

ওমান 'এ' দলের বিপক্ষে গত শুক্রবার বাংলাদেশের আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ছিলেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে দলের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও বিশ্রাম পেতে পারেন তিনি।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন মাহমুদউল্লাহর খেলা নিয়ে সংশয় জানিয়েছেন। তিনি দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।

আগামীকাল মঙ্গলবার আবুধাবিতে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। ম্যাচটি সামনে রেখে এদিন জায়েদ ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছে দল। বাংলাদেশ সময় বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঘাম ঝরান ক্রিকেটাররা।

মাহমুদউল্লাহর পিঠে সামান্য ব্যথা রয়েছে। সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু না থাকলেও কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সামনে বিশ্বকাপের ব্যস্ত সূচি থাকায় লঙ্কানদের বিপক্ষে দলের টি-টোয়েন্টি অধিনায়কের থাকার সম্ভাবনা কম।

ভিডিও বার্তায় বাশার বলেছেন, 'খুব বেশি দুশ্চিন্তা নেই। রিয়াদের (মাহমুদউল্লাহ) পিঠে একটু ব্যথা রয়েছে। সামনে যখন প্রতিযোগিতা শুরু হবে, তখন খুব একটা বিশ্রাম পাওয়ার সুযোগ নেই।'

'একের পর এক ম্যাচ আছে। যে কারণে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো কালকের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা করব।'

আইপিএলে রাজস্থান রয়্যালস আগেভাগে বাদ পড়ে যাওয়ায় ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তবে অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও যুক্ত হননি। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের প্লে-অফ পর্বে খেলছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। পরদিন ওমানে ফিরবে দল। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নেবে বাংলাদেশ।