শ্রীলঙ্কার সঙ্গে 'ফাইনালে' হেরে বিদায় বাংলাদেশের মেয়েদের
ম্যাচটা ছিল অলিখিত ফাইনাল। তাই সমীকরণ ছিল একটাই। কমনওয়েলথ গেমসে জায়গা করে নিতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো বাংলাদেশের মেয়েদের। কিন্তু সে লড়াইয়ে পেরে উঠল না বাঘিনীরা। লঙ্কান দলটির কাছে হেরে বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল।
সোমবার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে বাংলাদেশকে ২২ রানে হারিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান তুলেছিল তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রানের বেশি করতে পারেনি বাঘিনীরা।
লক্ষ্য তাড়ায় দলীয় ১৮ রানে ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের। ব্যক্তিগত ৬ রানে ফেরেন শামিমা সুলতানা। এরপর ফারজানা হককে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। গড়েন ৫০ রানের জুটি। তবে ব্যাট করতে হয় ৯ ওভার।
মুর্শিদার বিদায়ে এ জুটি ভাঙলে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ২৫ রানের জুটি গড়েন ফারজানা। কিন্তু সেই ধীর গতির ব্যাটিং। ফলে কোণঠাসা হয়ে পড়ে বাঘিনীরা। এরপর ফারজানা ও সোবহানা মুস্তারির ব্যাটে ১৮ রানের জুটি আসলেও বাড়েনি রানের গতি। ফলে উইকেট থাকলেও শেষ পর্যন্ত ২২ রান দূরেই থামতে হয় বাংলাদেশের মেয়েদের।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন মুর্শিদা। ৩৬ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৩৯ বলে ২টি চারের সাহায্যে ৩৩ রান করেন ফারজানা হক। ২১ বলে ২টি চারের সাহায্যে ২০ রান আসে নিগারের ব্যাট থেকে।
শ্রীলঙ্কার পক্ষে ১৭ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন চামারি আত্তাপাত্তু।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানে ওপেনার ভিশমি গুনারাত্নেকে আউট করে সুরাইয়া আজমিম। তবে দ্বিতীয় উইকেটে হাসিনি পেরেরার সঙ্গে ৪৭ রানের দারুণ এক জুটি গড়েন অধিনায়ক আত্তাপাত্তু। এ জুটিতে পেরেরার অবদান মাত্র ৭ রান।
অবশ্য ১১ রানের ব্যবধানে এ দুই সেট ব্যাটারকে আউট করে ম্যাচে ফেরে বাংলাদেশ। পেরেরাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন সালমা খাতুন ও আত্তাপাত্তুকে শামিমা সুলতানার ক্যাচে পরিণত করে রুমানা আহমেদ। এরপর নিলাক্ষি ডি সিলভার সঙ্গে আনুশকা সাঞ্জেওয়ানির ৪১ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় শ্রীলঙ্কা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক আত্তাপাত্তু। ২৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন অধিনায়ক। ২৫ বলে ১টি করে চার ও ছক্কায় নিলাক্ষি করেন ২৮ রান। ১৬ বলে ২০ রানের কার্যকরী ইনিংস খেলেন আনিশকা। মাদাভির ব্যাট থেকে আসে ১৯ রান।
বাংলাদেশের পক্ষে ৩৪ রানের খরচায় ২টি উইকেট পেয়েছেন নাহিদা আক্তার।