শ্রীলঙ্কায় যাচ্ছে যুব দল, সূচি চূড়ান্ত 

ক্রীড়া প্রতিবেদক

লম্বা সময় পর আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়েই খেলায় ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার তাদের সামনে অপেক্ষা করছে দেশের আরেকটি সিরিজের চ্যালেঞ্জ। আগামী মাসে শ্রীলঙ্কায় গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে খেলভে আইচ মোল্লাহরা। 

রোববার বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব দলের সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। 

৭ অক্টোবর শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশের যুবরা। করোনাভাইরাসের সময়কার নিয়মিত স্বাস্থ্য প্রটোকল মেনে এগুবে সিরিজের কার্যক্রম। 

১৫ অক্টোবর শুরু হবে প্রথম ওয়ানডে। বাকি ম্যাচগুলোর তারিখ ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে ভেন্যু এখনো চূড়ান্ত করেনি লঙ্কান বোর্ড। 

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে অম্ল মধুর অভিজ্ঞতা হয়েছে। ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতলেও একমাত্র যুব টেস্টে হেরেই যায় বাংলাদেশ। 

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে হবে পরবর্তী যুব বিশ্বকাপ। এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুত হতেই খেলছে এসব সিরিজ।