সহজ হবে না তবু আমরা আশাবাদী: তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

এক দল অল্পের জন্য বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি, আরেক দল সুপার টুয়েলভে কোন ম্যাচই জিততে পারেনি। টি-টোয়েন্টিতে এমনিতেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিস্তর ফারাক। সাম্প্রতিক ফর্ম সেই ফারাক বাড়িয়েছে আরও। এমন খারাপ অবস্থায় দলেও আসতে যাচ্ছে একাধিক বদল। তাসকিন আহমেদ উপলব্ধি করতে পারছেন কাজটা কতটা কঠিন, তবু আশাবাদের কথা না বলে তো উপায় নেই।

১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ছন্দে থাকা পাকিস্তান ও কোণঠাসা বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিশ্বকাপ বিপর্যয়ের পর আরেকটি সিরিজের আগে বাংলাদেশ দলে বেশ কিছু অদল-বদল আসন্ন। পরীক্ষিত অনেকের ব্যর্থতায় ডেকে আনা হয়েছে বেশ কিছু নতুন মুখ। সব মিলিয়ে চ্যালেঞ্জটা বেশ শক্ত।

taskin ahmed & Otis givson
কোচ ওটিস গিবসনের সঙ্গে তাসকিন আহমেদ। ছবি: ফিরোজ আহমেদ

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বার বন্ধ করে দিয়ে নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

পরে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় পেসার তাসকিন জানিয়েছেন নিজেদের ভাবনা,  'সত্যি বলতে আশা অনুযায়ী এবারের বিশ্বকাপে আমাদের দলগত পারফরম্যান্স ভালো হয়নি। কিন্তু এটা এখন অতীত। পাকিস্তান সিরিজে নতুন করে শুরু করতে চাই। অবশ্যই কঠিন হবে। আমাদের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চাই।'

নতুনভাবে শুরু করতে চাইলেও কাজটা যে কঠিন জানা আছে তাসকিনদের। চোটের কারণে এই সিরিজে নেই সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনের। বিশ্বকাপ ব্যর্থতার জেরে বাদ দেওয়া হচ্ছে মুশফিকুর রহিম, লিটন দাস ও সৌম্য সরকারকে।

নতুন কয়েকজনকেই তাই খেলতে দেখা যাবে। সব মিলিয়ে চ্যালেঞ্জটা বেশ শক্ত, তবে আশাবাদও পোক্ত রাখতে চান তাসকিনরা, 'কোনো সন্দেহ ছাড়াই পাকিস্তান টি-টোয়েন্টিতে বিশ্বের শীর্ষ একটি দল। বিশ্বকাপে তারা দারুণ খেলেছে। দুর্ভাগ্যবশত সেমিফাইনালে হেরে গেছে। কিন্তু তারা সব বিভাগেই ভালো করছে। তাদের সঙ্গে ভালো করতে হলে আমাদেরও সব বিভাগেই ভালো করতে হবে। এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দেশকে ভালো কিছু উপহার দিতে পারব। সহজ হবে না, কিন্তু আমরা আশাবাদী।'