সাইফের ব্যাটে শেখ জামালের সহজ জয়
বোলারদের সৌজন্যে ব্রাদার্স ইউনিয়নের পুঁজিটা রাখা গেল হাতের নাগালেও। এরপর ব্যাট হাতে জ্বলে উঠলেন সাইফ হাসান। তাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
শুক্রবার ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে ১৫৮ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। জবাবে ১৭ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে শেখ জামাল।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাদার্স। ফলে গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। তবে এক প্রান্ত আগলে রেখে কিছুটা চেষ্টা করেছিলেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তাতে কোনো মতে দেড়শ রান পার করতে পারে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন আশরাফুল। ৯৬ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন অধিনায়ক। এছাড়া ওপেনার ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে আসে ২৮ রান। শেখ জামালের পক্ষে ১০ ওভার বল করে মাত্র ৯ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন পারভেজ রাসুল। এছাড়া ২টি করে উইকেট পান সুমন খান ও সানজামুল ইসলাম।
লক্ষ্য তাড়ায় শেখ জামালের কাজটা সহজ করে দেন দুই ওপেনার সাইফ ও সৈকত আলী। ১১১ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর ২১ রানের ব্যবধানে এ দুই ওপেনারকে ফেরালে বাকি কাজ উইকেটরক্ষক ব্যাটার জহুরুল ইসলামকে নিয়ে শেষ করে অধিনায়ক ইমরুল কায়েস।
দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন সাইফ। ৮৫ বলে ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন এ ওপেনার। আসরে এটা তার তৃতীয় ফিফটি। ৭১ বলে ৩৮ রান করেন সৈকত। এছাড়া অধিনায়ক ইমরুল অপরাজিত থাকেন ২৮ রানে। ব্রাদার্সের পক্ষে ২টি উইকেট নিয়েছেন রায়হান উদ্দিন।