আইপিএলের চূড়ান্ত নিলামে সাকিব-মোস্তাফিজসহ বাংলাদেশের পাঁচ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ থেকে আইপিএলের আগামী আসরের মেগা নিলামের জন্য প্রাথমিকভাবে নাম দিয়েছিলেন নয় ক্রিকেটার। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে পাঁচ জন জায়গা করে নিয়েছেন চূড়ান্ত তালিকায়। আইপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে বাকি তিন ক্রিকেটার হলেন লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভারতের এই ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলতে প্রাথমিক তালিকায় নাম দিয়েছিলেন এক হাজার ২১৪ ক্রিকেটার। আইপিএলে অংশগ্রহণকারী দশ দলের চাহিদার ভিত্তিতে চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন মোট ৫৯০ খেলোয়াড়। তাদের মধ্যে ভারতের ক্রিকেটার রয়েছেন ৩৭০ জন, ভারতের বাইরের ২২০ জন।

নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন সাকিব ও মোস্তাফিজসহ মোট ৪৮ ক্রিকেটার। তাদের ভিত্তি মূল্য দুই কোটি ভারতীয় রুপি। লিটন, তাসকিন ও শরিফুলের ভিত্তি মূল্য ৫০ লাখ ভারতীয় রুপি। এই তিন জনের এখনও আইপিএলে খেলার সুযোগ হয়নি।

গত আইপিএলে বাঁহাতি অলরাউন্ডার সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। কিন্তু ব্যাটে-বলে আলো ছড়াতে ব্যর্থ হন তিনি। ফলে একাদশে তার সুযোগ মেলেনি নিয়মিত। আট ম্যাচে ৪৭ রানের পাশাপাশি ৪ উইকেট নিয়েছিলেন তিনি। অন্যদিকে, বাঁহাতি পেসার মোস্তাফিজের ওপর আস্থা রেখেছিল রাজস্থান রয়্যালস। তিনি ১৪ ম্যাচে খেলে শিকার করেছিলেন ১৪ উইকেট। যদিও বেশ খরুচে ছিলেন তিনি। তার ইকোনমি ছিল ৮.৪১।

চূড়ান্ত নিলামে থাকাদের মধ্যে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশের জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার আছেন ২২৮ জন, জাতীয় দলে অভিষেক না হওয়া আছেন ৩৫৫ জন। বাকি ৭ জন সহযোগী দেশের ক্রিকেটার।

বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়া থেকে আছেন সর্বোচ্চ ৪৭ ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ জন আছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। দক্ষিণ আফ্রিকা ৩৩ ক্রিকেটার আছেন নিলামের চূড়ান্ত তালিকায়। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে সমান ২৪ জন করে ঠাঁই পেয়েছেন। এছাড়া, শ্রীলঙ্কা থেকে ২৩, আফগানিস্তান থেকে ১৭, আয়ারল্যান্ড থেকে ৫ ও জিম্বাবুয়ে থেকে ১ ক্রিকেটার আছেন তালিকায়।

চূড়ান্ত তালিকায় 'মার্কি' সেটে আছেন ১০ ক্রিকেটার। তারা হলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ভারতের শিখর ধাওয়ান, দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি, ভারতের শ্রেয়াস আইয়ার, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, ভারতের মোহাম্মদ শামি ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তাদের ভিত্তি মূল্য দুই কোটি ভারতীয় রুপি।

আইপিএলের ১৫তম আসরকে সামনে রেখে এবার হবে দুই দিনব্যাপী মেগা নিলাম। বেঙ্গালুরুতে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি।