সাঙ্গাকারাকে ছাড়িয়ে ৮০০০ টেস্ট রানে দ্রুততম স্মিথ
পাকিস্তানের পেসার হাসান আলির ফুল লেন্থের ডেলিভারিতে টাইমিং হলো ঠিকঠাক। ডিপ মিডউইকেটে থাকা ফিল্ডার সাজিদ খানকে পরাস্ত করে বল চলে গেল সীমানার বাইরে। তাতেই গড়া হলো নতুন এক কীর্তি। শ্রীলঙ্কার সাবেক তারকা কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে দ্রুততম ৮ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
বৃহস্পতিবার লাহোর টেস্টের চতুর্থ দিনে ক্রিকেটীয় রেকর্ড বইতে নিজের নাম ওঠান স্মিথ। ৮ হাজারি ক্লাব থেকে তিনি ছিলেন ৭ রান দূরে। হাসানকে চার মেরে দূরত্বটা ঘুচিয়ে ফেলেন তিনি।
ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে ৮ হাজার রান করতে স্মিথকে খেলতে হয়েছে ১৫১ ইনিংস। সাঙ্গাকারাকে মাত্র এক ইনিংসের ব্যবধানে টপকে গেছেন তিনি। সাঙ্গাকারার লেগেছিল ১৫২ ইনিংস। তালিকার শীর্ষ পাঁচের বাকিরা হলেন ভারতের শচিন টেন্ডুলকার (১৫৪ ইনিংস), ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স (১৫৭ ইনিংস) ও ভারতের রাহুল দ্রাবিড় (১৫৮ ইনিংস)।
স্মরণীয় দিনে অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি ডানহাতি ব্যাটার স্মিথ। ২৭ বলে ১৭ রান করে নাসিম শাহের বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি হন। তিনি অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু আলট্রা এজে দেখা যায়, ব্যাট ছুঁয়েই বল গেছে রিজওয়ানের হাতে। তাই সিদ্ধান্ত না পাল্টানোয় মাঠ ছাড়তে হয় স্মিথকে।
দ্রুততম ৭০০০ রানের মাইলফলকও ৩২ বছর বয়সী স্মিথের দখলে। ২০১৯ সালে ঘরের মাঠে ওই কীর্তি গড়েছিলেন তিনি। ওই টেস্টেও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল পাকিস্তান।
২০১০ সালে পাকিস্তানের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল স্মিথের। অজিদের হয়ে এখন পর্যন্ত ৮৫ ম্যাচ খেলে ৫৯.৭৭ গড়ে ৮০১০ রান করেছেন তিনি। ২৭ সেঞ্চুরির সঙ্গে ৩৬ হাফসেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।