‘সাদা বলে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হার্দিক’ 

স্পোর্টস ডেস্ক

চোট কাটিয়ে পুরোদমে বল করা  শুরু করার পর থেকেই অন্যরকম ঝাঁজ দেখাচ্ছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে তিনি বরাবরই সড়গড়, বোলিংটা ঠিক হওয়ার পর এই অলরাউন্ডার যেন হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিনিই গড়ে দিয়েছেন ব্যবধান। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়ার মতে সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম হার্দিক।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে তিনি নেন ৫ উইকেট। এক ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৩ বলে ৫১ করে দলকে জেতান।

ওয়ানডে সিরিজে তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। দুই ইনিংস ব্যাট করে রান করেছেন ১০০। সিরিজ নির্ধারনীয় শেষ ম্যাচে ২৪ রানে ৪ উইকেট নেওয়ার পর ৫৫ বলে করেন ৭১ রান।

এই অলরাউন্ডারের নৈপুণ্যে মুগ্ধ আকাশ। নিজের ইউটিউব চ্যানেলের আলোচনায় তাই ভেসেছেন হার্দিকের প্রশংসায়,  'হার্দিক পান্ডিয়া- একদমই দুর্দান্ত, একটা বিষয় বলতেই হবে সে এখন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি খেলোয়াড়। আমার মনে হয় তার কাছাকাছিও কেউ নেই।'

আকাশের মতে ফিটনেস ঠিক থাকলে সাদা বলে হার্দিকের বিকল্প কোন ক্রিকেটার ভারতের নেই,  'হার্দিক পান্ডিয়া যদি ফিট থাকে, তার বিকল্প কেউ নেই। ভারতে অনেক স্পিন বোলিং অলরাউন্ডার আছে। ভিন্ন সংস্করণে আপনি তাদের সহজেই পাবেন। কিন্তু পেস বোলিং অলরাউন্ডার আপনি পাবেন না।'

'সে এখন পুরোদমে বোলার হিসেবে তৈরি হয়েছে। তার বোলিং ভাল হচ্ছে। ব্যাটিংয়ে সে অন্যরকম পরিণত। আইপিএলকে আপনাকে ধন্যবাদ দিতে হয়, সেখানে সে ভিন্নভাবে খেলতে শিখেছে। এখন কেবল ফিনিশার হিসেবে না দল তার কাছে আরও বেশি কিছু চায় এবং সে সেটা দিচ্ছেও। এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার। আমার মতে সাদা বলে এই সিরিজে হার্দিক হচ্ছে সেরা পারফরর্মার।'