সালাউদ্দিনকে বাংলাদেশের সেটআপে যুক্ত করতে চাই: সুজন
আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর অনেক কিছু অদল-বদলের চিন্তায় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে এরমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। দায়িত্ব নিয়ে প্রথম দিনেই তিনি বলেন, ঘরোয়া কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ দলের সেটআপে যুক্ত করার ইচ্ছা তাদের।
রোববার সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে পাকিস্তান সিরিজের জন্য পাঁচ ক্রিকেটারকে নিয়ে অনুশীলনে আসেন সুজন।
নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তানভির ইসলামকে দেখা যায় অনুশীলন করতে।
এ সময় মাঠে আসেন সালাউদ্দিনও। সুজন ও সালউদ্দিন লম্বা সময় নিয়ে করেন একান্ত আলাপ। পরে গণমাধ্যমকে সুজন জানান, এই কোচকে বাংলাদেশের জাতীয় দলের সেটআপে যুক্ত করতে চান তারা, 'আছে তো অবশ্যই সেজন্য চেষ্টা করছি। যদিও এটা সালাউদ্দিনের ব্যাপার ও আসবে কিনা। আমরা চাই ওকে বাংলাদেশের সেটআপের সঙ্গে নিতে।'
ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে গত মৌসুমে গাজী গ্রুপের কোচিং করিয়েছেন সালাউদ্দিন। তবে স্থায়ী চাকরি হিসেবে তিনি যুক্ত আছেন মাস্কো সাকিব একাডেমিতে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে কোনো একটি ভূমিকায় এই কোচকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টক শোতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে অভিমত দিতে দেখা যাচ্ছে সালাউদ্দিনকে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই কোচের কথা বারবার গণমাধ্যমে বলছেন। তবে তাকে কোন ভূমিকায় জাতীয় দলে যুক্ত করা হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি সুজন।