সিরিজের শুরুর আগে পেস আক্রমণে শক্তি কমল অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

বেশ কয়েকজন নিয়মিত তারকাকে ছাড়া বাংলাদেশে খেলতে আসা অস্ট্রেলিয়া এমনিতেই খর্ব শক্তির। এরমধ্যে চোটও তাদের দলে দিচ্ছে হানা। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের পর চোটে পড়ে ছিটকে গেছেন টি-টোয়েন্টিতে দারুণ কার্যকর পেসার রাইলি মেরেডিথ। তবে তার জায়গায় রিজার্ভ বেঞ্চ থেকে ন্যাথান এলিসকে স্কোয়াডে নিয়েছে অস্ট্রেলিয়া।

সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়,  সাইড স্ট্রেইনের চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন মেরেডিথ।

গত বিগ ব্যাশে আলো ছড়ানোর পর মেরেডিথকে দলে নিয়েছিল আইপিএলের দল পাঞ্জাব কিংস। ৫ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮ উইকেট তার। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৪ ম্যাচ খেলে নিয়েছেন ৫৫ উইকেট।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচ খেলে তুলেন ৪ উইকেট। অবশ্য ওই সিরিজে উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন তিনি।

দলে আসা আরেক পেসার এলিস গত বিগ ব্যাশে ১৪ ম্যাচে নেন ২০ উইকেট।  ডেথ ওভার স্পেশালিষ্ট হিসেবে ঘরোয়া ক্রিকেটে তার পরিচিতি আছে।

অস্ট্রেলিয়া স্কোয়াড:  অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনড্রফ, আলেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জস হ্যাজেলউড, মোজেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, ন্যাথান ইলিস, জস ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, আন্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

রিজার্ভ-  তানবীর সাঙ্গা।

চোটে ছিটকে গেছেন: রাইলি মেরেডিথ (দলের সঙ্গেই থাকবেন তিনি)

কোচ- জাস্টিন ল্যাঙ্গার