সিরিজ হারার পর বারবাডোজের উইকেটকে ‘হাস্যকর’ বললেন পোলার্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অল্প রানে গুটিয়ে ম্যাচ ও সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। পুরো সিরিজেই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের রান পেতে ভুগতে দেখা গেছে। বড় রান পায়নি অস্ট্রেলিয়াও। এই জন্য বারবাডোজের ব্রিজটাউনের বাইশ গজকে দায় দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড।
সোমবার রাতে আগে ব্যাটিং বেছে মাত্র ১৫২ রানে অলআউট হয় স্বাগতিকরা। অস্ট্রেলিয়া ১১৭ বল আগে ওই রান টপকে ম্যাচ জেতে ৬ উইকেটে। এর আগের ম্যাচে আবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ১৮৭ রানে অলআউট হয়ে যায় তারা। ৭২ বল বাকি রেখে ওই রান পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজ জেতে ৪ উইকেটে।
প্রথম ওয়ানডেতে অবশ্য অজিরা দুইশো ছাড়িয়েছিল। আগে ব্যাট করে তুলেছিল ২৫২ রান। কিন্তু জবাব দিতে নেমে মিচেল স্টার্ক আর জস হ্যাজেলউডের তোপে মাত্র ১২৩ রান করতে পারেন পোলার্ডরা।
১১ উইকেট নিয়ে পেসার স্টার্ক সিরিজ সেরা হলেও তিনটি ম্যাচেই স্পিনারদের বড় ভূমিকায় পাওয়া গেছে। স্পিনারদের বলে রান বের করা ছিল কঠিন।
সব মিলিয়ে ওয়ানডের আদর্শ উইকেট না পাওয়ার ক্ষোভ সিরিজ হেরে উগড়ে দিয়েছেন পোলার্ড, 'বারবাডোজে এসে দেখলাম দুই দলই উইকেটে ভুগেছে। আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে এই উইকেট অগ্রহণযোগ্য। আমরা অজুহাত দিচ্ছি না। আমরা মানছি আমর খারাপ ব্যাট করেছি। কিন্তু আমার মনে হয় না যে রান আমরা দুই দল তিন ম্যাচে করেছি, এটা দুটি বড় আন্তর্জাতিক দলের প্রতিফলন। আমার মনে হয় এটা বিব্রতকর ছিল। সেন্ট লুসিয়া থেকে এখানে এসে যেটা পেলাম তা একদমই হাস্যকর।'