সূর্যকুমারের ঝড়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

স্পোর্টস ডেস্ক

১৫ ওভারেও শতরান ছুঁতে না পারা ভারতের সংগ্রহ ২০ ওভার শেষ দাঁড়াল ৫ উইকেটে ১৮৪। শেষদিকে আলোর গতিতে রান তোলার মূল কারিগর সূর্যকুমার যাদব। তাকে যোগ্য সঙ্গে দিলেন ভেঙ্কটেশ আইয়ার। জবাবে নিকোলাস পুরানের ব্যাটে আশা জাগালেও পারল না ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশড হলো তারা।

রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭ রানে জিতেছে স্বাগতিকরা। তাদের ছুঁড়ে দেওয়া ১৮৫ রানের কঠিন লক্ষ্য তাড়ায় সফরকারীরা পুরো ওভার খেলে করতে পারে ৯ উইকেটে ১৬৭ রান।

ম্যাচ ও সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সূর্যকুমার খেলেন ৩১ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস। ২৭ বলে ফিফটি ছোঁয়া এই ডানহাতি ব্যাটার সাজঘরে ফেরেন ইনিংসের একদম শেষ বলে। সীমানার বাইরে বল আছড়ে ফেলার দিকেই মনোযোগ ছিল তার। ১ চারের সঙ্গে ৭ ছক্কা মারেন তিনি। ভেঙ্কটেশ ৪ চার ও ২ ছয়ের সাহায্যে অপরাজিত ৩৫ রান করেন ১৯ বলে। ফলে ষষ্ঠ উইকেটে ভারত পায় মাত্র ৩৭ বলে ৯১ রানের জুটি। এতেই লক্ষ্য চলে যায় ক্যারিবিয়ানদের নাগালের বাইরে।

রান তাড়ায় তৃতীয় ওভারের মধ্যে কাইল মায়ার্স ও শেই হোপকে হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ। দুই ওপেনারকেই বিদায় করেন দীপক চাহার। তবে চোটের কারণে মাত্র ১.৫ ওভার করে মাঠ ছাড়তে হয় এই পেসারকে। তৃতীয় উইকেটে রভম্যান পাওয়েলকে নিয়ে ২৫ বলে ৪৭ রান যোগ করেন পুরান। হার্শাল প্যাটেল এই জুটি ভাঙেন পাওয়েলকে বিদায় করে। ১৪ বলে ২৫ রান আসে তার ব্যাট থেকে।

এরপর দ্রুত আরও ৩ উইকেট খোয়ায় ক্যারিবিয়ানরা। দলের খাতায় আর ২৭ রান যোগ হতেই আউট হন অধিনায়ক কাইরন পোলার্ড, জেসন হোল্ডার ও রোস্টন চেজ। ক্রমেই কঠিন হয়ে ওঠা সমীকরণ মেলাতে পুরানের পাশাপাশি চেষ্টা করেন রোমারিও শেফার্ড। কিন্তু তাদের ৩২ বলে ৪৮ রানের জুটি ভাঙার পর আর পেরে ওঠেনি দলটি। পুরান ৪৭ বলে ৬১ রান করেন ৮ চার ও ১ ছয়ে। শেফার্ড খেলেন ২১ বলে ২৯ রানের ইনিংস। হার্শাল ৩ উইকেট নেন ২২ রানে।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় ভারত। এরপর ইশান কিশান ও শ্রেয়াস আইয়ার গড়েন ৩৬ বলে ৫৩ রানের জুটি। ৩ রানের ব্যবধানে বিদায় নেন তারা। ইশান ৩১ বলে ৩৬ ও শ্রেয়াস ১৬ বলে ২৫ রান করেন। চারে নেমে অধিনায়ক রোহিত ভুগছিলেন। বিশ্রাম পাওয়ায় একাদশে ছিলেন না বিরাট কোহলি ও রিশভ পান্ত। তাতে অল্প রানে আটকে যাওয়ার শঙ্কা জেগেছিল ভারতের। তবে রোহিত ১৫ বলে ৭ করে আউট হওয়ার পর সূর্যকুমারকুমার ও ভেঙ্কটেশের তাণ্ডব তৈরি করে দেয় জয়ের পথ।