সেঞ্চুরি করেও ভারতের বড় জয় ঠেকাতে পারলেন না করুনারত্নে

স্পোর্টস ডেস্ক

এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই করলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। সঙ্গী হিসেবে শুরুতে পেয়েছিলেন কুশল মেন্ডিসকে। ওইটুকুই। আর কেউই পারলেন না অধিনায়ককে সঙ্গ দিতে। ফলে ভারতের বিপক্ষে বড় হার এড়াতে পারল না শ্রীলঙ্কা। তৃতীয় দিনের দুই সেশন না পেরুতেই হারতে হলো তাদের। ২-০ ব্যবধানেই সিরিজ জিতে নিল ভারত।

মোহালি টেস্টের তৃতীয় দিনে এসে শ্রীলঙ্কাকে ২৩৮ রানে হারিয়েছে ভারত। ভারতের ছুঁড়ে দেওয়া ৪৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৮ রানে গুটিয়ে গেছে দলটি। প্রথম টেস্টে তারা হেরেছিল ইনিংস ও ২২২ রানের ব্যবধানে।

জয়ের পথটা অবশ্য আগের দিনই করে রেখেছিল ভারত। প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে সফরকারীদের অলআউট করে দেয় তারা। আর নিজেরা প্রথম ইনিংসে ২৫২ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩০৩ রান করে ইনিংস ঘোষণা করে। তাতেই বড় চাপে পড়ে যায় লঙ্কানরা।

সে চাপ থেকে আর বের হতে পারেনি শ্রীলঙ্কা। যদিও আগের দিনের ১ উইকেটে ২৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা দলটির এদিনের সূচনাটা ছিল দারুণ। মেন্ডিসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন করুনারত্নে। কিন্তু এ জুটি ভাঙতেই সব শেষ। এরপর আর কেবল নিরোশান ডিকভেলাই কেবল দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। তাও মাত্র ১২ রান। সবমিলিয়ে মাত্র তিন ব্যাটার ছুঁয়েছেন দুই অঙ্ক।

লঙ্কানদের ধসিয়ে দেওয়ার মূল কাজটা এদিন করেছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় উইকেটে লঙ্কানদের লড়াইটা থামান তিনিই। মেন্ডিসকে ফিরিয়ে ভাঙেন ৯৭ রানের জুটি। এরপর আরও তিনটি উইকেট তুলে নিয়েছেন এ অফস্পিনার। তাতেই দারুণ জয় মিলে স্বাগতিকদের।

একই সঙ্গে নিজেও গড়েছেন নয়া নজির। দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নিয়ে অশ্বিন টপকে গিয়েছিলেন ডেল স্টেইনকে। টেস্টে ৪৩৯ উইকেট এ প্রোটিয়া পেসারের। ৮৭ টেস্টে অশ্বিনের উইকেট সংখ্যা এখন ৪৪২টি। টেস্টের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় উঠে এসেছেন আট নম্বরে।

অসাধারণ বোলিং করেছেন জাসপ্রিত বুমরাহও। প্রথম ইনিংসে ঘরের মাঠে প্রথম ফাইফার তুলে নেওয়া এ পেসার পেয়েছেন তিনটি উইকেট। মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ানো লঙ্কান অধিনায়ক করুনারত্নেকে ফিরিয়েছেন তিনিই। লেজ ছাঁটাইয়ের কাজটাও করেছেন দারুণ ভাবে।

আর এ দুই ভারতীয় বোলারদের কারণে বৃথা যায় করুনারাত্নের লড়াই। দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেছেন ১০৭ রানের ইনিংস। ১৭৪ বলে ১৫টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান অধিনায়ক। এছাড়া ৬০ বলে ৮টি চারের সাহায্যে ৫৪ রান করেন মেন্ডিস।