'সে আদৌ কি আর একনম্বর হতে চায়?' কোহলিকে প্রশ্ন আফ্রিদির

স্পোর্টস ডেস্ক

সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। বাইশ গজে নামলেই যখন তখন ছোটাতেন রানের ফোয়ারা, সেই কোহলি এখন যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। আর এমন পরিস্থিতির জন্য তাকেই দায় দিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। খেলার প্রতি কোহলির মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এ তারকা অলরাউন্ডার।

দুই বছরেরও বেশি সময় ধরে কোনো সংস্করণেই তিন অঙ্কে পৌঁছাতে পারেননি কোহলি। এমনকি ঘরোয়া ক্রিকেটেও নয়। এবারের আইপিএলে তো দুই একটি ম্যাচ ছাড়া রানের জন্য ভুগতে হয়েছে তাকে। শূন্য রানে আউট হয়েছেন বেশ কিছু ম্যাচে। কখনো সেট হয়েও আউট হয়ে গেছেন। বাজে ফর্মের কারণে বর্তমানে সাময়িক বিরতিতে রয়েছেন এ ব্যাটার।

পাকিস্তানের সামা টিভিতে আফ্রিদি বলেন, 'ক্রিকেটে মনোভাবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এটার বিষয়েই সবচেয়ে বেশি কথা বলি। ক্রিকেটের প্রতি আপনার সেই মনোভাব রয়েছে কি না? কোহলি, তার ক্যারিয়ারে শুরুতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হতে চেয়েছিল... সে কি এখনও একই অনুপ্রেরণা নিয়ে ক্রিকেট খেলছে?'

'এটা একটা বড় প্রশ্ন। তার ক্লাস আছে। কিন্তু সে কি সত্যিই আবার এক নম্বর হতে চায়? নাকি সে অনুভব করে যে সে জীবনে সবকিছু অর্জন করে ফেলেছে। এখন কি শুধু আরাম করে সময় কাটাবে? এটা সব মনোভাবের উপর নির্ভর করে,' যোগ করে আরও বলেন আফ্রিদি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুটি হাফ সেঞ্চুরির সাহায্যে ৩৪১ রান করেছেন কোহলি। সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী সহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার কোহলিকে ফর্মে ফিরতে হলে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। যে কারণে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ সফরে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ঘরের মাঠে বিশ্রাম আছেন এ তারকা।