সৌম্য-নাঈমকে ‘স্বাধীনতা’ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট

ক্রীড়া প্রতিবেদক

অনেক সময়ই টি-টোয়েন্টিতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সতর্ক শুরুর চিন্তা গেঁথে দেয় ওপেনারদের মাথায়। ঘরের মাঠে হলে সেই পথে মিরপুরের উইকেটও রাখে বড় ভূমিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও উইকেটের ধরণ থাকবে চিন্তায়। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, ওপেনারদের স্বাধীনতাই দিচ্ছেন তারা।

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ স্কোয়াডে আছেন কেবল দুজন বিশেষজ্ঞ ওপেনার। সৌম্য সরকার আর নাঈম শেখই করবেন ওপেনিং।

তাদের কোন অ্যাপ্রোচে দেখতে চায় বাংলাদেশ। সিরিজের আগের দিন জানতে চাওয়া হয়েছিল মাহমুদউল্লাহর কাছে। বাংলাদেশ অধিনায়ক জানান উইকেটের পরিস্থিতি মাথায় নিয়েও ওপেনারদের স্বাধীন ভূমিকা দিচ্ছেন তারা,  'মিরপুরে উইকেট এসেস করাটা অনেক গুরুত্বপূর্ণ। টেস্ট হোক, ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি। উইকেট একটা ভূমিকা রাখে। আমার মনে হয় স্বাধীনতা নিয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। তাদের ওই স্বাধীনতা দেওয়াটাও টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে, যেন ওভাবে খেলতে পারে। ওপেনিং থেকে ভালো শুরু এলে পরে সেটা কাজে লাগে।'

পাওয়ার প্লের ৬ ওভার কাজে লাগানো হবে বড় চ্যালেঞ্জ। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের বিপক্ষে একটি উড়ন্ত সূচনার অপেক্ষায় থাকবে বাংলাদেশ।

সেই লক্ষ্যে সৌম্য-নাঈমের উপর পুরোপুরি আস্থা অধিনায়কের, 'সৌম্য-নাঈম দুজনেই জিম্বাবুয়েতে ভালো খেলেছে। তারা অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমাদের ইনিংস শুরু করবে। আশা করি তারা ভালো একটা শুরু এনে দেবে।'