স্টার্ক-হেজেলউডের তোপে উইন্ডিজকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

বার্বাডজের উইকেট ছিল স্পিনারদের জন্য আদর্শ। কিন্তু বল হাতে নিয়ে স্পিনারদের জন্য কিছুই বাকি রাখেননি দুই অজি ওপেনার মিচেল স্টার্ক ও জশ হেজলউড। অসাধারণ সুইং বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে দিলেন ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ। ফলে প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক দলটিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সফরকারীরা

মঙ্গলবার রাতে প্রথম ওয়ানডে ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৩৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ২৫২ রান তোলার পর মাঠে বৃষ্টি নামে। ফলে ডিএলএস পদ্ধতিতে ক্যারিবিয়ানদের লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রানে। তবে লক্ষ্য তাড়ায় ১২৩ রানেই গুটিয়ে যায় দলটি।

অথচ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে এক প্রকার হেসেখেলেই হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের চারটিতেই জিতে নেয় তারা। তবে ওয়ানডে সিরিজের শুরুতেই বড় ধাক্কা খেল দলটি। তিন ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে গেল তারা।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই স্টার্ক ও হেজলউডের তোপে পড়ে ক্যারিবিয়ানরা। ফলে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। এক প্রান্তে অধিনায়ক কাইরন পোলার্ড ছাড়া আর কোনো ব্যাটসম্যানই থিতু হতে পারেননি। অবশ্য লেজের ব্যাটসম্যান হেইডেন ওয়ালশ কিছুটা চেষ্টা করেছিলেন। ফলে বড় হারই মানতে হয় দলটিকে।

৫৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে স্টার্কের শিকার হন ক্যারিবিয়ান অধিনায়ক। ৫টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন পোলার্ড। হেইডেনের ব্যাট থেকে আসে ২০ রান। এছাড়া কেবল শিমরন হেটমায়ার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।

উইন্ডিজকে ধসিয়ে দিয়ে ৪৮ রানের খরচায় ৫টি উইকেট তুলে নেন স্টার্ক। হেজলউড পান ৩টি উইকেট। তবে রান দেওয়ার ক্ষেত্রে বেশ কৃপণ ছিলেন তিনি। খরচ করেন মাত্র ১১ রান। 

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার জশ ফিলিপি ও বেন ম্যাকডারমট ওপেনিং জুটিতে করেন ৫১ রান। এ জুটি ভাঙার পর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। তবে পঞ্চম উইকেটে টার্নারকে সঙ্গে দলের হাল ধরেন অধিনায়ক কারি। ১০৪ রানের দারুণ এক জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এ দুই ব্যাটসম্যান।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন কারি। ৮৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ৪৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৪৯ রান করেন টার্নার। এছাড়া ফিলিপি ৩৯ ও ম্যাকডারমট ২৮ রানের ইনিংস খেলেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩৯ রানের খরচায় ৫টি উইকেট নিয়েছে হেইডেন ওয়ালশ। ২টি করে উইকেট নেন আকিল হোসেন ও আলজেরি জোসেফ।